ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকারি কাজ বলে কথা! বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠ ঠিক করতে জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) বাংলাদেশ ফুটবল ফেডারেশন চিঠি দিয়েছে আগস্টের ২৫ তারিখ। কিন্তু এখনো মাঠে মাটি ফেলার উদ্যোগই নেয়নি এনএসসি। অথচ ১০ সেপ্টেম্বর থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্ট। হাতে সময় আছে আর মাত্র ৭ দিন। কবে নাগাদ মাটি ফেলা হবে এ বিষয়ে নিশ্চিত করে কিছুই জানাতে পারেননি এনএসসির কর্মকর্তারা।
বাফুফে সাধারণ সম্পাদক বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাঠ ঠিক করা হবে বলে আমাদের চিঠির জবাবে লিখিত অনুমোদন দিয়েছিলেন এনএসসি সচিব। অথচ এরপর কাজের কোন অগ্রগতি হয়নি।"
এ বিষয়ে জানতে চাইলে এনএসসি সচিব শফিক আনোয়ার বলেন, "আমি তো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠ খেলার উপযোগী করতে প্রশাসককে চিঠি দিয়েছি। কেন মাটি ফেলা হয়নি খোঁজ নিয়ে দেখছি।"
মাটি ফেলা না হলেও টুর্নামেন্টের আগেই মাঠ ঠিক করা হবে বলে জানিয়েছেন শফিক আনোয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৩৩১ ঘ.
bdnews24