২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পন্সররা ঝুঁকছে হকিতে

গতি ফিরে পাচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশন। জাতীয় দলের খেলোয়াড়রা জার্মানিতে লিগ খেলছেন। কয়েকদিন পরই মাঠে গড়াবে জাতীয় যুব হকি টুর্নামেন্ট। এরপরই সারা দেশ শুরু হবে জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2009, 04:40 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গতি ফিরে পাচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশন। জাতীয় দলের খেলোয়াড়রা জার্মানিতে লিগ খেলছেন। কয়েকদিন পরই মাঠে গড়াবে জাতীয় যুব হকি টুর্নামেন্ট। এরপরই সারা দেশ শুরু হবে জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা। হকির পালে যেন সুবাতাস লেগেছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তেমন খবরই দিলেন কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক জামিল খন্দকার জানালেন, স্কুল হকির স্পন্সর ফ্যাশন হাউজ এক্সট্যাসী। প্রান্তিক পর্যায়ের এই হকি টুর্নামেন্ট আয়োজনে ফেডারেশনকে ১০ লাখ টাকা দেবে স্পন্সর। সারা দেশে এই টুর্নামেন্ট চালাতে মোট খরচ ধরা হয়েছে প্রায় ১২ লাখ টাকা। অতিরিক্ত দুই লাখ টাকা ব্যয় করা হবে ফেডারেশনের নিজস্ব তহবিল থেকে। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক পর্বে ছয়টি বিভাগে খেলা হবে। বিভাগীয় চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল নিয়ে ঢাকায় হবে চূড়ান্ত পর্বের খেলা। জাতীয় স্কুল হকি শেষ হলেই শুরু হবে ঢাকা মহানগর স্কুল হকি টুর্নামেন্ট। সর্বশেষ ২০০৩ সালে জাতীয় স্কুল হকি টুর্নামেন্ট আয়োজন করেছিল হকি ফেডারেশন। পৃষ্ঠপোষকতার অভাবে মাঝের পাঁচ বছর বন্ধ ছিল স্কুল হকি। টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহী ৩৩টি স্কুল এরই মধ্যে নাম নিবন্ধন করেছে। ফেডারেশন আশা করছে কম পক্ষে ৫০টি স্কুল অংশ নেবে এবারে আসরে। টুর্নামেন্ট শুরুর তারিখ ঠিক হয়নি এখনো। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এক্সট্যাসী'র ব্যবস্থাপনা পরিচালক তানজিম হক, পরিচালক ড. আসমা সুলতানা, হকি ফেডারেশনের সহ-সভাপতি শামসুল বারী, যুগ্ম-সাধারণ সম্পাদক রশিদ শিকদার ও মিডিয়া কমিটির প্রধান ফয়সাল আহসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২৪৯ ঘ.