জুরিখ, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফ্রেন্স ক্লাব রেসিং লেনস থেকে গায়েল কাকুতাকে দলে টেনে কঠিন বিপাকে পড়েছে ইংলিশ ক্লাব চেলসি। আগামী দুই মৌসুমে নতুন কোন ফুটবলার রেজিস্ট্রেশন করতে পারবে না তারা। আর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ফিফার এক বিবৃতিতে বৃহস্পতিবার বলা হয়, আগামী দুই মৌসুমে দেশি কিংবা বিদেশি, নতুন কোনও ফুটবলার রেজিস্ট্রেশন করতে পারবে না চেলসি।
ফিফার এই নিষেধাজ্ঞার অর্থ ২০১১ সাল পর্যন্ত ইংলিশ ক্লাবটি নতুন কোন ফুটবলার দলে টানতে পারবে না।
লেনস'র অভিযোগের পরিপ্রেক্ষিতে ফিফা সিদ্ধান্ত দেয় যে কাকুতা ফ্রেন্স ক্লাবের সঙ্গে চুক্তি ভেঙেছেন। এজন্য কাকুতার জরিমানা করা হয়েছে ৭ লাখ ৮০ ইউরো। সেই সঙ্গে প্রতিযোগিতামূলক ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে চার মাসের জন্য।
জরিমানার হাত থেকে রেহাই পায়নি চেলসিও। লেনসকে ক্ষতিপূরণ দিতে হচ্ছে ১ লাখ ৩০ হাজার ইউরো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২১৪৫ ঘ.
bdnews24