ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পেশাদার ফুটবলে শিরোপা দূরের কথা রানার্স-আপ পর্যন্ত হতে পারেনি শেখ রাসেল ক্রীড়া চক্র। শুধু তাই নয়, মৌসুমি ফুটবল টুর্নামেন্টের ফাইনালেও খেলা হয়নি। অথচ প্রতিবারই 'বি' লিগ শিরোপার লক্ষ্য নিয়ে দল বানায় তারা।
এবারও লক্ষ্য ঠিকই আছে। তবে অভিজ্ঞদের বদলে এবার দলে ঠাঁই পেয়েছে তরুণরা। বৃহস্পতিবার দুপুরে এক ঝাঁক তরুণ ফুটবলার নিয়ে বাফুফে ভবন মাতিয়ে গেলেন শেখ রাসেলের কর্মকর্তারা। তারা নিবন্ধন করালেন ২১ ফুটবলারকে। পেশাদার ফুটবল 'বি' লিগের তৃতীয় আসরে এই দল নিয়েই শিরোপা জয়ের লড়াইয়ে নামবে শেখ রাসেল।
আগের বছরের মাত্র চার ফুটবলারকে ধরে রাখতে পেরেছে শেখ রাসেল। বাকি ১৭জনের মধ্যে চারজন 'বি' লিগে একেবারেই নতুন। অবশ্য তাদের মধ্যে একজন জাতীয় দলের খেলোয়াড়।
ঘর গোছাতে তাদের বেশিরভাগ ফুটবলার সংগ্রহ করতে হয়েছে অন্য শিবির থেকে। সর্বাধিক চারজন ফুটবলারকে দলে টেনেছে ফরাশগঞ্জ থেকে। ঢাকা মোহামেডান থেকে নিয়েছে তিন ফুটবলার। তারুণ্য নির্ভর দলে জাতীয় দলের ফুটবলার রয়েছেন মাত্র তিনজন। তারা হলেন মাজহারুল ইসলাম হিমেল, মোবারক হোসেন ভূঁইয়া ও ইমন মেহমুদ বাবু।
বাকিরা হলেন জহিরুল ইসলাম, মামুন খান, রমজান আলী, নুরুল আফসার, উত্তম কুমার বনিক, আমিনুল ইসলাম, কামাল হোসেন, রকিবুল ইসলাম, শোয়েব হোসেন সানী, আবদুল্লাহ আল পারভেজ, মোহাম্মদ রনি, আমিনুল ইসলাম রিপন, মামনু মিয়া, মারুফ আহমেদ, রাজন মিয়া, মোহাম্মদ সানী, মোহাম্মদ ইউসুফ ও খোকন দাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২০৫ ঘ.
bdnews24