২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরামবাগ বালুর মাঠে টার্ফ বসানোর প্রতিবাদে সমাবেশ

আরামবাগ বালুর মাঠে অ্যাস্ট্রোটার্ফ বসানোর আগেই স্থানীয় লোকজনের বাধার মুখে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আরামবাগ বালুর মাঠ রক্ষা কমিটির ব্যানারে এলাকাবাসী বুধবার বালুর মাঠের সামনে এক প্রতিবাদ সভার আয়োজন করে। তারা মতিঝিল, আরামবাগ এলাকার শিশু-কিশোরদের জন্য মাঠটি উন্মুক্ত রাখার দাবি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2009, 03:28 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আরামবাগ বালুর মাঠে অ্যাস্ট্রোটার্ফ বসানোর আগেই স্থানীয় লোকজনের বাধার মুখে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আরামবাগ বালুর মাঠ রক্ষা কমিটির ব্যানারে এলাকাবাসী বুধবার বালুর মাঠের সামনে এক প্রতিবাদ সভার আয়োজন করে। তারা মতিঝিল, আরামবাগ এলাকার শিশু-কিশোরদের জন্য মাঠটি উন্মুক্ত রাখার দাবি জানান। সভায় বক্তারা বলেন, ফকিরেরপুল, মতিঝিল ও আরামবাগ, এই তিনটি এলাকার মানুষের জন্য একমাত্র মাঠ 'আরামবাগ বালুর মাঠ'। এখানে প্রতিদিন হাজার হাজার শিশু-কিশোর খেলাধুলা করে। তাই এটিতে কিছুতেই অ্যাস্ট্রোটার্ফ বসাতে দেওয়া হবে না। জায়গাটিকে পূর্ণাঙ্গ ফুটবল মাঠের উপযোগী নয় বলেও দাবি করেন তারা। ২০০৮ সালের ১৬ জানুয়ারি আরামবাগ বালুর মাঠ বাফুফেকে ১০ বছরের জন্য বরাদ্দ দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। বাফুফে ভবন সংলগ্ন এই মাঠে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার অনুদানে অ্যাস্ট্রোটার্ফ বাসোনোর কথা রয়েছে। এ মাসের মাঝামাঝি সময়ে টার্ফ বসানোর কথা থাকলেও বর্ষার কারণে কাজ এখনও শুরু করা সম্ভব হয়নি। বালুর মাঠ রক্ষা কমিটির অন্যতম সদস্য ঢাকা মেরিনার্স ইয়াং এর সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, "বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় অবৈধভাবে বালুর মাঠটি বাফুফেকে বরাদ্দ দেয় জাতীয় ক্রীড়া পরিষদের তৎকালীন চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন উ আহমেদ। অবিলম্বে এই বরাদ্দ বাতিল করা হোক। নইলে এর দায়দায়িত্ব বাফুফেকেই নিতে হবে।" বাফুফে সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী বলেন, এলাকাবাসীর দাবির প্রতি সম্মান দেখিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে অ্যাস্ট্রোটার্ফ বসানোর সিদ্ধান্ত নেওয়া হবে। দ্বিতীয় উন্নয়ন প্রকল্পের আওতায় টার্ফ বসাতে বাফুফেকে চার লাখ ৮৪ হাজার মার্কিন ডলার দেবে ফিফা। শিগগিরই টার্ফ বসানোর কাজ শুরু করা সম্ভব না হলে প্রকল্প হয়তো বাতিল করে দেবে ফিফা। এতে বাংলাদেশের বড় ক্ষতি হয়ে যাবে বলে মনে করেন বাফুফে সাধারণ সম্পাদক। তিনি বলেন, "বিগত ৩০ বছর যে মাঠে খেলার পরিবেশ ছিল না। গরু-ছাগলের হাট বসতো। মেলা হতো। তখন তো এলাকাবাসী এর উন্নয়নে উদ্যোগ নেয়নি।" এরপর তিনি প্রশ্ন রাখেন, "রাতের আঁধারে মাঠের ভেতর এবং ক্লাবগুলোতে জুয়াসহ অন্যান্য যে অসামাজিক কাজ-কারবার হয় তা বন্ধের দাবিতে তো কেউ এগিয়ে আসেনি? এখন টার্ফ বসাতে এলাকাবাসী বাধা দিচ্ছে কেন?" বালুর মাঠ বরাদ্দ পাওয়ার পরই বাফুফের তৎকালীন সভাপতি এস এ সুলতান স্থানীয় বিশষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেই টার্ফ বাসানোর সিদ্ধান্ত নেন। মাঠের অর্ধেকটা শিশু-কিশোরদের জন্য রেখে বাকিটা ফুটবলের উন্নয়নে কাজে লাগাতে একমত হন তারা। কিন্তু সভায় আওয়ামী লীগ সমর্থক আরামবাগের ওয়ার্ড কমিশনার আবুল কাশেম বলেন, ফুটবলের উন্নয়নে মাঠ ব্যবহারের কোন সুযোগই দেওয়া হবে না। আরামবাগ বালুর মাঠ রক্ষা কমিটির আহ্বায়ক হিসেবে এক স্মারকলিপিতে সইও করেছেন আবুল কাশেম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১৪০ ঘ.