ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পেশাদার ফুটবল বি লিগে মাঝারি মানের দল গঠন করেছে নবাগত সিলেট বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার তারা ১৫ ফুটবলারের নাম নিবন্ধন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে।
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং ব্রাদার্স ইউনিয়ন থেকে চারজন করে খেলোয়াড় দলে টেনেছে বিয়ানীবাজার। এছাড়া ঢাকা মোহামেডানের দু'জন, রহমতগঞ্জ ও খুলনা আবাহনী থেকে একজন করে ফুটবলার নিয়েছে তারা। বাকি তিনজন নতুন।
মুক্তিযোদ্ধা থেকে যোগ দিয়েছেন ডিফেন্ডার বিপুল চন্দ্র বর্মন, শহানুর রহমান রনি, রেজাউল করিম বিপ্লব ও মহসিল কবির বাপ্পী। ব্রাদার্স থেকে গেছেন আশরাফুল কাদের মঞ্জু, হাসান ইমাম রিক্ত, আশরাফুল করিম ও সোহেল রানা। ঢাকা মোহামেডান থেকে যোগ দিয়েছেন ফয়সাল মাহমুদ ও রাশেদ আহমেদ পাপ্পু।
রহমতগঞ্জের গোলরক্ষক মোহাম্মদ আলী, খুলনা আবাহনীর খালিদ সাইফুল্লাহ এবং নতুন তিন খেলোয়াড় হলেন তৌফিক হাসান গফুর, সুলতান আহমেদ ও জুয়েল রানা।
বি লিগে নবাগত আরেক দল ফেনী সকার ক্লাবও খেলোয়াড় নিবন্ধন করেছে। আরামবাগের দুই ফুটবলার ছাড়াও নতুন পাঁচজনের নাম নিবন্ধন করেছে তারা। খেলোয়াড়রা হলেন মোনায়েম খান রাজু, পিন্টু কুমার দাস, মিন্টু শেখ, সুজন কান্তি ভৌমিক, এস এম ইমরুল হাসান, ইমদাদুল হক ও ইকবাল হোসেন ভূঁইয়া। এর আগে আরও ১৩জন ফুটবলারের নাম নিবন্ধন করে ফেনী সকার ক্লাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০৫৯ ঘ.
bdnews24