ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাদশ দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ) মোট স্বর্ণ পদকের সংখ্যা ১৪০টি। এর মধ্যে ১৭টি স্বর্ণসহ মোট ৮০টি পদক আশা করছে বাংলাদেশ।
জাতীয় ক্রীড়া পরিষদে বৃহস্পতিবার গেমসের পূর্ণাঙ্গ আয়োজক কমিটির প্রথম বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই আশা প্রকাশ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব কুতুব উদ্দিন আহমেদ।
কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অনুমোদন করা হয়েছে ২০টি উপকমিটি। আলোচনা হয়েছে প্রতিটি বিভাগে বিভিন্ন ইভেন্ট আয়োজন নিয়ে। গেমস আয়োজনে করণীয় নিয়েও বৈঠকে একটি পর্যবেক্ষণ রিপোর্ট পেশ করা হয়।
কমিটির কো-চেয়ারম্যান হচ্ছেন আহাদ আলী সরকার। আর প্রধান পৃষ্ঠপোষক শেখ হাসিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৭১৪ ঘ.
bdnews24