ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বের তাবত অ্যাথলেটদের জন্য নতুন সাজে সেজেছে জার্মানির বার্লিন অলিম্পিক স্টেডিয়াম। শনিবার সেখানেই শুরু হচ্ছে বিশ্ব অ্যাথলেটিক্সের দ্বাদশ আসর। অ্যাথলেটদের এই মিলনমেলা ভাঙবে ২৬ আগস্ট।
শুধু পদক জয় আর রেকর্ড গড়ার জন্যই বিশ্ব অ্যাথলেটিক্স প্রতিযোগিতার আয়োজন করা হয় না, একই ছাতার নিচে জমায়েত হন আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ফেডারেশনের সব সদস্য দেশের প্রতিনিধিরাও। বাংলাদেশ থেকেও বার্লিন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন একজন প্রতিনিধি। প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটারে অংশ নেবেন বাংলাদেশের মাসুদুল হক।
সবারই জানা আছে উসাইন বোল্ট আর আসাফা পাওয়েলদের সঙ্গে দৌঁড়ানোর সৌভাগ্য হবে না তার। হিটেই বিদায় নিতে হবে। তারপরও বিশ্ব অথ্যাথলেটিক্স বলে কথা। এতে অংশ নেওয়াও অনেক বড় সৌভাগ্যের ব্যাপার।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ১৮টি ইভেন্টের মধ্যে বাছাই পর্বের খেলা হবে ১৫টিতে। পুরুষদের ২০ কিলোমিটার হাঁটা ও পুরুষ বিভাগে শটপুটসহ তিনটি ইভেন্টে চূড়ান্ত প্রতিযোগিতা হবে এ দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৮০৭ ঘ.
bdnews24