ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফুটবল একাডেমির জন্য বিকেএসপির সিলেট আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রটি দশ বছরের জন্য বরাদ্দ চেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মঙ্গলবার এ ব্যাপারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের কাছে একটি প্রস্তাবনা জমা দিয়েছে বাফুফে।
তবে সিলেট বিকেএসপির প্রশিক্ষণ কেন্দ্রটি ফুটবল একাডেমির জন্য বাফুফের কাছে বরাদ্দ দেওয়ার ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। প্রতিষ্ঠানটি বিকেএসপির সম্পদ হওয়ায় এর আইনি দিক খতিয়ে দেখার পরই বরাদ্দের বিষয়ে সিদ্ধান্ত নেবে ক্রীড়া মন্ত্রণালয়।
এ মাসেই সিলেট বিকেএসপি বরাদ্দ পেলে নভেম্বরে সেখানে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে ফুটবল ফেডারেশন। দশ বছরের ছেলেদের আট বছরের দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ দেওয়া হবে। বেরিয়ে আসার সময় তাদের প্রত্যেকের বয়স হবে ১৮।
বাফুফে সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী জানান, তারা চান এক শ' প্রশিক্ষণার্থী নিয়ে একাডেমির যাত্রা শুরু করতে। এত ছেলে এক সঙ্গে পাওয়া না গেলে ৫০ থেকে ৬০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করবে বাফুফে।
পরিকল্পনা অনুযায়ী, চারটি গ্র"পে বিভক্ত করে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিটি গ্র"পে থাকবে ২৫ প্রশিক্ষণার্থী।
সাধারণ সম্পাদক বলেন, "একাডেমি পরিচালনায় একজন পরিচালক ছাড়াও একজন বিদেশি কোচ ও আটজন স্থানীয় কোচ থাকবেন। প্রশিক্ষণার্থীদের লেখা-পড়ার ব্যবস্থা করা হবে স্থানীয় স্কুলে। একাডেমিতে পাঁচটি বিষয় বাংলা, ইংলিশ, অংক, শারীরিক শিক্ষা ও সাধারণ জ্ঞান পড়ানো হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০৩৩ ঘ.
bdnews24