ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহী ফুটবলারদের ব্যাপারে ব্রাজিলীয় কোচ অ্যাডসন সিলভা ডিডোর অনড় অবস্থান নিয়ে বেশ কিছুদিন ধরেই ফুটবল কমকর্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। যদিও কোচের কাজের স্বাধীনতায় হস্তক্ষেপ করেননি কেউই। খোদ বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) সভাপতি কাজী সালাউদ্দিনও কোন প্রশ্ন তোলেননি। বরং কোচের কাজে সন্তুষ্ট তিনি।
সোমবার বাফুফে ভবনে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় ডিডোর কাজের প্রসংশাই করলেন তিনি। বললেন, "ঠিক পথেই এগুচ্ছেন ডিডো। আশা করি তার প্রশিক্ষণে উন্নতি করবে বাংলাদেশ।"
তবে ব্রাজিলীয় কোচ ডিডো জাতীয় দলের ফুটবলারদের কতটা শিখিয়েছেন তা পরখ করতে ফেডারেশন কাপ আর 'বি' লিগে খেলোয়াড়দের ওপর নজর রাখবেন বাফুফে কর্মকর্তারা। সালাউদ্দিন বলেন, "এ কয়েকদিনে কোচ ভাল কাজ করে থাকলে লিগে খেলোয়াড়দের পারফরমেন্সে তার প্রভাব পড়বেই। আমরা সেখান থেকেই কোচের কাজের মূল্যায়ন করতে পারবো।"
শিগগিরই বড় কোন প্রতিযোগিতা না থাকলেও দীর্ঘ মেয়াদে জাতীয় দল নিয়ে কাজ করছেন ব্রাজিলীয় কোচ ডিডো। আপাতত দক্ষিণ এশিয়ান ফুটবল এবং দক্ষিণ এশিয়ান গেমসের জন্য প্রস্তুত করছেন বাংলাদেশ দলটিকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/০০০৭ ঘ.
bdnews24