২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাসিকের কাউন্সিলর ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত ৩০

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) কাউন্সিলর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দু'দলের সংঘর্ষে খেলোয়াড়, পুলিশ, সাংবাদিক, দর্শকসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2009, 07:44 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

রাজশাহী, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) কাউন্সিলর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দু'দলের সংঘর্ষে খেলোয়াড়, পুলিশ, সাংবাদিক, দর্শকসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। এ সময় সাংবাদিকদের ৩/৪টি মোটরসাইকেলও ভাঙচুর হয়। শনিবার বিকেলে রাজশাহী জেলা স্টেডিয়ামে রাসিকে ১১ ও ১৩ নম্বর ওয়ার্ডের মধ্যে খেলার সময় এ ঘটনা ঘটে। গত ৩০ জুলাই থেকে ৩০টি ওয়ার্ডের অংশগ্রহণে এ টুর্নামেন্ট শুরু হয়। সংঘর্ষে রেফারি হাবিব, লাইনম্যান সামাউল, স্থানীয় প্রাক্তন খেলোয়াড় বাচ্চু, ফটো সাংবাদিক ইকবাল, কবির তুহিন, দুখু, সামাদ, পাপ্পু, পুলিশের গাড়ি চালক জয়নালসহ অন্তত ২০ জন আহত হয়। অপর আহতদের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরীর বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক আব্দুস সাত্তার জানান, বিকেলে রাজশাহী জেলা স্টেডিয়ামে সিটি কর্পোরেশনের ১১ ও ১৩ নম্বর ওয়ার্ডের মধ্যে খেলায় ১১ নম্বর ওয়ার্ডের খেলেয়াড়দের দেওয়া একটি গোল নিয়ে উভয়পক্ষের খেলোয়াড় ও সমর্থকরা বিতর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। এ সময় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ এবং কয়েক রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে বলেও জানান তিনি। রাত সাড়ে ৯টার দিকে পরিস্থিতি শান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১৫৪ ঘ.