ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রিটিশ আর্চারি কোচ রিচার্ড জন প্রিস্টম্যানের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন।
রোববার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) আনুষ্ঠানিকভাবে এ চুক্তি সই করা হয়।
বিওএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ আর্চারি ফেডারেশনের পক্ষে সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল চুক্তিতে সই করেন।
আগামী বছর ঢাকায় অনুষ্ঠেয় একাদশ দক্ষিণ এশিয়ান গেমস পর্যন্ত বাংলাদেশ আর্চারি দলের কোচের দায়িত্ব পালন করবেন জনসন। ব্রিটিশ আর্চারি কোচের বেতন এবং বাংলাদেশে থাকা ও খাওয়ার যাবতীয় খরচ বহন করবে বিওএ।
ইংল্যান্ড জাতীয় আর্চারি দলের কোচিং সংগঠক হিসেবে কাজ করেছেন জনসন। বয়সভিত্তিক বিভিন্ন দলের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা আছে তার।
আর্চার হিসেবে জনসন ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ১৯৮৮ সালে সিউল অলিম্পিক ও ১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিকে ব্রোঞ্জ পদক জেতেন।
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিওএ'র উপ মহাসচিব আনিসুর রহমান দিপু, আর্চারি ফেডারেশনের সহ সভাপতি মাহফুজুর রহমান সিদ্দিকী, বিওএ পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম ওয়ালী উল্লাহ এবং আর্চারি ফেডারেশনের ভারতীয় কোচ নীশিথ দাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/০১৩৩ ঘ.
bdnews24