ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একটি ফুটবল একাডেমি গড়ে তোলার জন্য অনেক দিন ধরেই চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু জায়গার অভাবে তা সম্ভব হয়নি। এবার বিকেএসপির সিলেট আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রটি ফুটবল একাডেমি হিসেবে পেতে চায় বাফুফে।
এজন্য রোববার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের সঙ্গে দেখা করেন বাফুফে কর্মকর্তারা। মন্ত্রীও তাদের আশার কথা শুনিয়েছেন। সিলেট বিকেএসপিতে তাদের সম্ভাব্য কার্যক্রম নিয়ে একটি প্রস্তাবনাপত্রও তৈরি করতে বলেছেন তিনি।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন,"আমরা সেখানে একাডেমি গড়ে তুলতে চাই। এ ব্যাপারে আইনি সমস্যা আছে কি না তা খতিয়ে দেখার জন্য একটি প্রস্তাবনাপত্র তৈরি করতে বলেছেন মন্ত্রী।"
বাফুফের প্রস্তাবনা হাতে পেলেই ক্রীড়া মন্ত্রণালয় আইন মন্ত্রনালয়ের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখবে। আইনি বাধা না থাকলে সিলেট বিকেএসপি হবে ফুটবল একাডেমি।
বাফুফে প্রতিনিধি দলে ছিলেন সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি কাজী সালাম মুর্শেদী, সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, বাদল রায়, মঞ্জুর হোসেন মালু, আনোয়ারুল হক হেলাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/০০৩৪ ঘ.
bdnews24