২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহীরা 'বিশুদ্ধ' হলেই কেবল এক সঙ্গে প্র্যাকটিস, বলেছেন ডিডো

কোচ আর ফুটবলারদের মধ্যকার টানাপোড়েন কিছুতেই যেন শেষ হতে চাইছে না। বিদ্রোহী আট ফুটবলারকে ক্যাম্পে নিলেও তাদেরকে অনুশীলন করাচ্ছেন না ব্রাজিলীয় কোচ অ্যাডসন সিলভা ডিডো। মঙ্গলবার থেকে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন সহকারী কোচ শফিকুল ইসলাম মানিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2009, 05:57 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোচ আর ফুটবলারদের মধ্যকার টানাপোড়েন কিছুতেই যেন শেষ হতে চাইছে না। বিদ্রোহী আট ফুটবলারকে ক্যাম্পে নিলেও তাদেরকে অনুশীলন করাচ্ছেন না ব্রাজিলীয় কোচ অ্যাডসন সিলভা ডিডো। মঙ্গলবার থেকে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন সহকারী কোচ শফিকুল ইসলাম মানিক। তবে মানিক আটজনকে আলাদা অনুশীলন করালেও তার তত্ত্বাবধানে থাকছেন ডিডোই। বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সাক্ষাতকার দেয়ার সময় বিদ্রোহী ফুটবলারদের অনুশীলনে আলাদা রাখার বিষয়টি স্বীকার করেছেন কোচ ডিডো। তার মতে,"বিদ্রোহী ফুটবলাররা বাকিদের প্রভাবিত করতে পারে তাই ৮ জনকে আলাদা রাখা হচ্ছে।" কবে এর সমাধান হবে নির্দিষ্ট করে কিছুই বলা যাচ্ছে না। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্যরাও এখনো কোচের সঙ্গে এ নিয়ে আলোচনা করেননি। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির প্রধান বাদল রায় জানিয়েছেন আগামী সপ্তাহে কোচের সঙ্গে কথা বলবেন তারা। আবাসিক ক্যাম্প দেখতে বৃহস্পতিবার বিকেএসপি গিয়েছিলেন জাতীয় দলের ম্যানেজার হাসানুজ্জামান বাবলু। আট ফুটবলারকে আলাদা অনুশীলনের ব্যাপারটিও দেখেছেন তিনি। তবে কোচের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়নি তার। বাবলু বলেন,"কোচ স্বাধীনভাবে কাজ করছেন। তাকে প্র্যাকটিস নিয়ে আমি কোন প্রশ্ন করতে পারিনা। এটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না।" বিদ্রোহের শাস্তি হিসেবে আট ফুটবলারের এক মাসের বেতন কেটে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ভুল বুঝতে পেরে কোচের কাছে ক্ষমাও চেয়েছেন ফুটবলাররা। কিন্তু কিছুতেই সমস্যার সমাধান না হওয়ায় শেষে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন উভয় পক্ষের সঙ্গে বসে সমঝোতা র চেষ্টা করেন। কিন্তু কোচ তাদেরকে স্বাভাবিক ভাবে নিতে পারেননি। বলেন,"আমার মন যখন বলবে তারা (বিদ্রোহী) শুধরেছে, তখনই এক সঙ্গে অনুশীলন হবে।" আলাদা অনুশীলনকে বিদ্রোহী ফুটবলারদের জন্য এক ধরণের পরীক্ষাও মনে করছেন কোচ ডিডো। তার মতে, "তাদেরকে আলাদা রেখে একধরণের পরীক্ষাও হচ্ছে। এই ব্যবস্থাকে মেনে নিয়ে তারা কতটা ভাল করে, সেটাই আমার দেখার বিষয়।" দুই ভাগে অনুশীলনকে স্বাভাবিক ভাবেই দেখছেন সহকারী কোচ মানিক। তার মতে, এটা প্র্যাকটিসেরই অংশ। প্রধান কোচ ডিডোর তত্ত্বাবধানেই তিনি বিদ্রোহী আট ফুটবলারকে অনুশীলন করাচ্ছেন। তবে ক্ষমা চাওয়ার পরেও কোচের এই 'দ্বৈতনীতিকে' ভালোভাবে নিতে পারছেন না বিদ্রোহীরা। তাই এ সপ্তাহের ছুটির দিন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন তারা। বিদ্রোহী ফুটবলাররা হলেন রজনী, আরমান আজিজ, সৈকত, এমেলী, জাহিদ হোসেন, ওয়ালী ফয়সাল, আরিফ ও জাহেদ পারভেজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২৩৫৫ঘ.