ঢাকা, জুলাই ৩০ (বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় আর্চারি দলের জন্য ব্রিটিশ কোচ আনছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিওএ জানিয়েছে, শুক্রবার ঢাকায় এসে পৌঁছাবেন ব্রিটিশ কোচ রিচার্ড জনসন।
আগামী বছর ঢাকায় অনুষ্ঠেয় একাদশ দক্ষিণ এশিয়ান গেমস পর্যন্ত বাংলাদেশ আর্চারি দলের কোচের দায়িত্ব পালন করবেন জনসন। তার বেতন ভাতাসহ সব খরচ বহন করবে বিওএ।
বিওএ বলছে, শুটিংয়ের পর আর্চারিতেই দক্ষিণ এশিয়ান গেমসে পদক জয়ের সম্ভাবনা বেশি। সেকারণেই বাংলাদেশ আর্চারি দলকে আন্তর্জাতিক মানের কোচের অধীনে প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া হচ্ছে।
ইংল্যান্ড জাতীয় আর্চারি দলের কোচিং সংগঠক হিসেবে কাজ করেছেন জনসন। বয়সভিত্তিক বিভিন্ন দলের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা আছে তার।
আর্চার হিসেবে জনসন ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ১৯৮৮ সালে সিউল অলিম্পিক ও ১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিকে ব্রোঞ্জ পদক জেতেন।
বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২৩০০ঘ.
bdnews24