২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলে বিদ্রোহের অবসান

অবশেষে কোচ এবং বিদ্রোহী ফুটবলারদের সমস্যার শান্তিপূর্ণ সামাধান হয়েছে। মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে বিকেএসপির আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের হস্তক্ষেপে ব্রাজিলীয় কোচ অ্যাডসন সিলভা ডিডো এবং বিদ্রোহী আট ফুটবলারদের মধ্যে সমঝোতা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2009, 05:43 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবশেষে কোচ এবং বিদ্রোহী ফুটবলারদের সমস্যার শান্তিপূর্ণ সামাধান হয়েছে। মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে বিকেএসপির আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের হস্তক্ষেপে ব্রাজিলীয় কোচ অ্যাডসন সিলভা ডিডো এবং বিদ্রোহী আট ফুটবলারদের মধ্যে সমঝোতা হয়। কোচ এবং ফুটবলারদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কাজী সালাউদ্দিন বলেন,"সব সমস্যার শান্তিপূর্ণ সমাধান হয়েছে।" কোচের নির্দেশ না মেনে জাতীয় দলের আট ফুটবলার প্রশিক্ষণ বর্জন করেন। এরপরই রেগে যান ডিডো। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি কোচ এবং খেলোয়াড়দের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও শনিবার কোন সমাধানে পৌঁছতে পারেনি। পরে বাধ্য হয়েই ফুটবলারদের এক মাসের বেতন কেটে নেয়ার সিদ্ধান্ত নেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। সঙ্গে কোচকেও সতর্ক করে দেন তারা। এতেও নিজের সিদ্ধান্তে অটল থাকেন কোচ। বিদ্রোহী ফুটবলারদের ক্যাম্পে ফেরালে প্রয়োজনে চাকরি ছেড়ে দেয়ারও হুমকি দেন তিনি। প্রশিক্ষণও বন্ধ থাকে দু'দিন। সোমবার থাইল্যান্ড থেকে দেশে ফিরে কোচের সঙ্গে আলোচনায় বসেই সমস্যার সমাধান করেন বাফুফে সভাপতি। বলেন, "খেলোয়াড়রা ভুল বুঝতে পেরে কোচের কাছে ক্ষমা চেয়েছেন। কোচও তাদেরকে ক্ষমা করে ক্যাম্পে ফিরিয়ে নিচ্ছেন। এবং কোচ আমাদের সঙ্গেই থাকছেন।" "কোচই দলের প্রধান। তার চেয়ে বড় কেউ নেই," দলে কোচের গুরুত্ব সালাউদ্দিন তুলে ধরেন ঠিক এভাবে। বিদ্রোহী ফুটবলাররা হলেন রজনীকান্ত বর্মণ, আরমান আজিজ, জাহিদ হোসেন এমেলী, জাহিদ হোসাইন, ওয়ালী ফয়সাল, জাহেদ পারভেজ চৌধুরী, আরিফ হোসেন ও মোফাজ্জল হোসেন সৈকত। বৃহস্পতিবার বিকেলে কোচের নির্দেশ না মেনে অনুশীলন বর্জণ করেন তারা। শুক্রবার সকালেও অনুশীলনে যাননি এই আটজন। "আমি তো পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফুটবল ভবনে এসেছিলাম। কিন্তু সভাপতির সঙ্গে কথা বলার পর আমি সন্তুষ্ট। অনেক হয়েছে। আমরা একটা সমাধানে পৌঁছেছি," বললেন ডিডো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৩৫০ ঘ.