ঢাকা, জুলাই ০৭ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতির পদ ছেড়ে দিলেন সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মইন ইউ আহমেদ। মঙ্গলবার বিকেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
বিওএ প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক অবসরপ্রাপ্ত কর্ণেল ওয়ালীউল্লাহ মইন ইউ আহমেদের পদত্যাগের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন।
সেনা প্রধানের দায়িত্ব পাওয়ার পরই প্রথাগতভাবে মইন বিওএ'র সভাপতি হয়েছিলেন ২০০৫ সালের ৭ জুলাই। প্রথমবার মেয়াদ শেষ হলে দ্বিতীয় দফায় ২০০৮ সালের ৩ এপ্রিল নির্বাচিত সভাপতি হন তিনি।
দুই মেয়াদে দীর্ঘ ৪ বছর বিওএ সভাপতির দায়িত্ব পালন করেন মইন ইউ আহমেদ। এ সময় স্থবির হয়ে থাকা বেশির ভাগ ফেডারেশনে নিয়মিত খেলা চালানোর উদ্যোগ নেন তিনি। ফেডারেশনগুলোকে স্পন্সর যোগাড় করে দেওয়াতেও বিশেষ অবদান রাখেন।
২০০৭ সালের ৮ জুলাই থেকে ২০০৯ সালের ২০ এপ্রিল পর্যন্ত জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সভাপতির চেয়ারম্যানের দায়িত্বেও ছিলেন মইন ইউ আহমেদ। এনএসসির সভাপতির পদ ছেড়ে দেওয়ার আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে বসুন্ধরা গ্র"পের একটি স্পন্সর চুক্তি অনুষ্ঠানে উপস্থিত থেকে বিতর্কে জড়িয়ে পড়েন সাবেক সেনা প্রধান। তার উপস্থিতিতেই সেনাকুঞ্জে দুর্নীতি মামলার আসামী বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সঙ্গে বাফুফে চুক্তি সম্পাদন করে।
সফল ক্রীড়া সংগঠক হিসেবে এশিয়ান অলিম্পিক কাউন্সিল (ওসিএ) এ বছর তাকে মেরিট অ্যাওয়ার্ড পুরস্কার দেয়।
সভাপতি পদত্যাগ করায় বৃহস্পতিবার এক জরুরি সভা ডেকেছে বিওএ। প্রথাগতভাবে নতুন সেনা প্রধান হবেন বিওএ'র পরবর্তী সভাপতি। তবে আগে তাকে বিওএ সদস্য হতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২২৩১ঘ.
bdnews24