ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---টেনিসে রাজার রাজা হলেন কিংবদন্তী রজার ফেদেরার। নিজের করে নিলেন সর্বাধিক গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড। পিট সামপ্রাসকে ছাড়িয়ে গেলেন ১৫তম গ্র্যান্ড স্লাম জিতে।
অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে নাটকীয় জয় পেতে ঘাম অবশ্য কম ঝড়াতে হয়নি ফেদেরারকে। অ্যান্ডি রডিক কিছুতেই শেষ সেটে ছাড় দিচ্ছিলেন না। একের পর এক সার্ভিস দিয়ে শেষে জিতলেন ফেদেরার।
বিশ্ব টেনিসের বরপুত্রের সামনে নিজেকে ফিরে পাওয়ার মিশনে নেমেছিলেন অ্যান্ডি রডিক। ধ্বংসস্তুপ থেকে পুনরুত্থানের অদম্য বাসনা নিয়ে ফেদেরারকে আটকাতে চাইলেন। প্রথম সেট ৫-৭ গেমে জিতলেন রডিক। পরের দুই সেট টাইব্রেকারে দখল নিলেন সুইস তারকা রজার ফেদেরার।
পিছিয়ে পড়েও দমে যাননি রডিক। চতুর্থ সেট ৬-৩ গেমে জিতে সমতায় ফেরেন। এমনই হাড্ডাহাড্ডি লড়াই, গ্যালারির দর্শকরা তারকা-মহাতারকার দ্বৈরথ সচক্ষে দেখেও বুঝতে পারছিলেন না কে জিততে যাচ্ছেন ম্যাচ।
এ নিয়ে রেকর্ড টানা সপ্তমবারের মত উম্বলডনের ফাইনাল খেলে ছয় বারই জিতলেন ফেদেরার। একটানা দূরের কথা, এর আগে কেউই এতগুলো উইম্বলডন ফাইনালই খেলেননি।
গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে ছয়টি উইম্বলডন ছাড়া ফেদেরার ইউএস ওপেন জিতেছেন পাঁচ বার। অস্ট্রেলিয়ান ওপেন তিনটি ও একবার জিতেছেন ফ্রেঞ্চ ওপেন।
সেখানে অ্যান্ডি রডিকের সামনে দ্বিতীয়বার গ্রান্ড স্লাম জয়ের সুযোগ এলেও ২০০৩ সালে ইউএস ওপেনই তার এক মাত্র সাফল্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/০১২৪ঘ.
bdnews24