ঢাকা, জুলাই ০৪ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কোনও ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ না থাকা মুক্ত ইংলিশ স্ট্রাইকার মাইকেল ওয়েন শেষপর্যন্ত আকস্মিকভাবে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন গত শুক্রবার।
সাবেক লিভারপুল ও রিয়াল মাদ্রিদের এ তুখর ফরোয়ার্ড সপ্তাহখানেক আগে নিউক্যাসেলের সঙ্গে তার চুক্তি বাতিল করেন, দলটি রেলিগেশনের খাঁড়ায় পড়ে গেলে।
বাজারে অবশ্য আগে থেকেই গুঞ্জন ছিল ওয়েন ম্যানইউতেই যোগ দিতে যাচ্ছেন। কিন্তু ম্যানইউ কর্তৃপক্ষ বারবারই তা অস্বীকার করে আসলেও গুঞ্জনই শেষপর্যন্ত সত্যি হলো।
ম্যান ইউ বস অ্যালেক্স ফার্গুসন বলেন,"ওয়েন তার গোল করার রেকর্ড দিয়ে প্রমাণ করেছেন ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে সে একজন দুরন্ত ফরোয়ার্ড। যা কখনই প্রশ্নবিদ্ধ হয়নি।"
ম্যানইউর নিজস্ব ওয়েবসাইটে ফার্গি আরও বলেন," যে প্রত্যাশা নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ওকে নিয়ে এসেছে তা ওয়েন পূরণ করতে পারবে বলেই আশা করি।"
২৯ বছরের ওয়েন গত চার বছর ধরেই নিউক্যাসলে তার ফর্ম এবং ফিটনেস নিয়ে সমস্যায় ভুগছিলেন। এ সময় মাত্র ৩০ গোল করা ওয়েনকে তাই বারবারই উপেক্ষা করেছেন ইংল্যান্ড জাতীয় দলের কোচ ফ্যাবিয়ো ক্যাপেলো।
অথচ ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বকালের সেরা গোলদাতার তালিকায় ওয়েনের নাম সাত নম্বরে। তিনি এ পর্যন্ত ১৪৪টি গোল করেছেন এ লিগে। তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে আর্জেন্টাইন স্ট্রাইকার কার্লোস তেভেজের স্থলাভিষিক্ত হবেন। তেভেজ গত মাসে ম্যানইউ ছেড়ে গেছেন।
মাইকেল বলেন, "আমি কেবল অন্যান্য ক্লাবের সঙ্গে কথা চালাচালি শুরু করেছি। এর মধ্যেই গত বুধবার বিকেলে স্যার ফার্গি আমাকে ফোন করেন এবং আমন্ত্রণ জানান পর দিন তার সঙ্গে সকালের নাস্তা সারার জন্য। নাস্তা করার সময় তিনি আমাকে জানান, আমাকে তিনি সই করাতে চাইছেন। আমি আর এক মুহূর্ত চিন্তা না করেই রাজি হয়ে যাই।"
শুধু তাই নয়, ২০০১ সালের ইউরোপের এ বর্ষসেরা ফুটবলার খুব কম বেতনেই ম্যানইউতে যোগ দিয়েছেন। অনেকটা 'যেমন খেলবে তেমন বেতন পাবে' র মতো চুক্তি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/১৪১৪ঘ.
bdnews24