মাদ্রিদ, ২৮ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিনেদিন জিদানকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারে পরিণত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু সেই খবরটা বাসি হতে না হতেই গুঞ্জন, রেকর্ডটা আবার ভাঙতে যাচ্ছে! স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার ক্যামেরুনিয়ান স্ট্রাইকার স্যামুয়েল এতোর দিকে চোখ পড়েছে ম্যানচেস্টার সিটির। আর এই ক্লাবের আরব মালিকরা যে প্রস্তাব দিয়েছেন তার জন্য, বার্সেলোনা আর এতো তাতে সম্মত হলে রোনালদোর রেকর্ডটা মুছে যাবে সহসাই। খোদ বার্সেলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা জানিয়েছেন এই খবর।
আইক্যাট এফএম নামের একটি রেডিও চ্যানেলে ল্যাপোর্তা বলেছেন, এতো'র জন্য এমন একটা প্রস্তাব দিয়েছে ম্যান সিটি, যা প্রত্যাখ্যান করা খুব কঠিন!
"অন্য একটা ক্লাব থেকে তার জন্য এমন একটা প্রস্তাব আছে, যেটা তাকে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারে পরিণত করবে। আমার বিশ্বাস সে বার্সেলোনাতেই থেকে যেতে চায়, আমিও সেটাই চাই। কিন্তু প্রস্তাবটা প্রত্যাখ্যান করা সত্যিই কঠিন"- বলেছেন লাপোর্তা।
আর খুব স্বাভাবিক, এই প্রস্তাবটা নিয়ে ভাবছেন এতো। কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত নেননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৬৪১ ঘ.
bdnews24