২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি উপেক্ষা করে ফেদেরারের জয়

তিন সপ্তাহ আগেও একবার দেখা হয়েছিল তাদের। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে সেই লড়াইয়ের পুনরাবৃত্তি হচ্ছে উইম্বলডনেও। তবে এবার ফাইনালে নয়, চতুর্থ রাউন্ডেই দেখা হচ্ছে রজার ফেদেরার আর রবিন সডারলিংয়ের। শুক্রবার বৃষ্টিকে উপেক্ষা করে তৃতীয় রাউন্ডের ম্যাচে জিতেছেন তারা দুজনই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2009, 10:44 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

লন্ডন, ২৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন সপ্তাহ আগেও একবার দেখা হয়েছিল তাদের। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে সেই লড়াইয়ের পুনরাবৃত্তি হচ্ছে উইম্বলডনেও। তবে এবার ফাইনালে নয়, চতুর্থ রাউন্ডেই দেখা হচ্ছে রজার ফেদেরার আর রবিন সডারলিংয়ের। শুক্রবার বৃষ্টিকে উপেক্ষা করে তৃতীয় রাউন্ডের ম্যাচে জিতেছেন তারা দুজনই। জার্মানির ফিলিপ কোলস্ক্রাইবারকে ৬-৩, ৬-২, ৬-৭, ৬-১ গেমে হারানোর পথে এবারের উইম্বলডনে প্রথম কোনো সেটে হেরেছেন ফেদেরার। কিন্তু তারপরও এই ম্যাচটাকেই টুর্নামেন্টে এ পর্যন্ত খেলা সেরা ম্যাচ বলে মনে করছেন এই সুইস তারকা। ত্রয়োদশ বাছাই সডারলিং জিতেছেন আরো সহজে। নিকোলাস আলমাগোকে সরাসরি ৭-৬, ৬-৪, ৬-৪ গেমে হারালেও তিনি মেনেই নিয়েছেন, ফেদেরারকে হারানোর স্বপ্নও দেখছেন না। এদিন জয় পেয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন এই দুজনের মতো প্রায় সব বাছাই তারকারাই। এই দলে আছেন পুরুষ বিভাগের নোভাক দিউকোভিচ, ফার্নান্দো ভারদাসকো আর মেয়েদের বিভাগের সেরেনা উইলিয়ামস, এলেনা দেমেন্তিয়েভা, নাদিয়া পেত্রোভা ও ভেরা জভোনারেভারা। ব্যতিক্রম কেবল পুরুষ বিভাগের নবম বাছাই জো উইলফ্রেড সংগা। আগের রাউন্ডে ওয়াক ওভার পাওয়া এই ফরাসিকে ৬-৭ (৫-৭), ৭-৬ (৭-৫), ৫-৭, ৬-৭ (৫-৭) গেমের ম্যারাথন লড়াইয়ে হারিয়ে দিয়েছেন ইভো কারলোভিচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৬৪১ ঘ.