২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফো'র প্রতি ফিফার শ্রদ্ধাঞ্জলি

ছয় বছর আগের সেই দুঃখজনক ঘটনার স্মৃতি আজো বিষন্ন করে তোলে ফুটবলপ্রেমী মানুষের হৃদয়। ২০০৩ সালের ২৬ জুন কনফেডারেশন্স কাপের সেমিফাইনালে কলম্বিয়ার সঙ্গে খেলছিল ক্যামেরুন। হঠাৎই জ্ঞান হারিয়ে মাঠের মধ্যে পড়ে যান ক্যামেরুনের মিডফিল্ডার মার্ক-ভিভিয়ান ফো। তার জ্ঞান আর ফিরে আসেনি। ফুটবল-দুনিয়াকে শোকার্ত করে চিরবিদায় নেয়া ফো'র কথা ভুলতে পারেনি ফিফাও। তাই এবারের কনফেডারেশন্স কাপের ফাইনালে তার প্রতি শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2009, 03:12 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

জোহানেসবার্গ, ২২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ছয় বছর আগের সেই দুঃখজনক ঘটনার স্মৃতি আজো বিষন্ন করে তোলে ফুটবলপ্রেমী মানুষের হৃদয়। ২০০৩ সালের ২৬ জুন কনফেডারেশন্স কাপের সেমিফাইনালে কলম্বিয়ার সঙ্গে খেলছিল ক্যামেরুন। হঠাৎই জ্ঞান হারিয়ে মাঠের মধ্যে পড়ে যান ক্যামেরুনের মিডফিল্ডার মার্ক-ভিভিয়ান ফো। তার জ্ঞান আর ফিরে আসেনি। ফুটবল-দুনিয়াকে শোকার্ত করে চিরবিদায় নেয়া ফো'র কথা ভুলতে পারেনি ফিফাও। তাই এবারের কনফেডারেশন্স কাপের ফাইনালে তার প্রতি শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সোমবার এক সংবাদ সম্মেলনে ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার জানিয়েছেন, "(ফাইনাল) শুরু হওয়ার ঠিক আগে যখন মাঠের মাঝখানে দু দল এসে দাঁড়াবে তখন সেদিন কী ঘটেছিল সে সম্পর্কে সারা বিশ্বকে আমরা জানাবো। সেটা ছিল ভীষণ দুঃখজনক ঘটনা। তবে তখনই ফুটবল (খেলোয়াড়দের) হৃদরোগ সম্পর্কে জানতে পেরেছিল।" ফ্রান্সের লিওঁতে অনুষ্ঠিত সেই ম্যাচে পড়ে যাওয়ার পর মাঠের মধ্যেই কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ফো'র জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন চিকিৎসকরা। সেটা সফল না হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল স্টেডিয়ামের চিকিৎসা কেন্দ্রে। সেখানে প্রায় ৪৫ মিনিট চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। পরে জানা গিয়েছিল ২৬ বছর বয়সী ফো এক ধরণের হৃদরোগে ভুগছিলেন। ক্যামেরুনের জার্সি গায়ে ৬৪তম ম্যাচ খেলতে নেমে মৃত্যুর কোলে ঢলে পড়া এই মিডফিল্ডার সে সময় খেলতেন ম্যানচেস্টার সিটিতে। ফো'র প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যানচেস্টার সিটি তার ২৩ নম্বর জার্সি আর কাউকে পড়তে না দিয়ে উঠিয়ে রেখেছে। নবনির্মিত ইস্টল্যান্ডস স্টেডিয়ামে তার স্মরণে একটি ছোট্ট বাগানও করেছে ইংলিশ ক্লাবটি। ফো'র সাবেক ক্লাব রেসিং লেন্সও তাদের ফেলিক্স বোলার্ট স্টেডিয়ামের কাছাকাছি একটি রাস্তার নামকরণ করেছে তার নামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১১৯ঘ.