ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় সেমিফাইনাল জিতে ফাইনালে উঠেছে শুকতারা যুব সংসদ। আগামী মঙ্গলবার কক্সবাজার স্টেডিয়ামে তারা বসুন্ধরা চ্যাম্পিয়নস ক্লাব কাপের ফাইনালে লড়বে ফেনী সকার ক্লাবের সঙ্গে।
শনিবার কক্সবাজারে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে নারায়ণগঞ্জের শুকতারা যুব সংসদ ৩-১ গোলে হারিয়েছে পাবনা ব্রাদার্স ইউনিয়নকে। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে মনিরের গোলে এগিয়ে যাওয়া শুকতারা ৭২ মিনিটে দ্বিতীয় গোল পায়। দুই গোলে পিছিয়ে পড়া পাবনা ব্রাদার্স ইউনিয়ন ম্যাচে ফেরার লড়াই থেকে ছিটকে পড়ে ৭৬ মিনিটে তালেব লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে গেলে। ৮৭ মিনিটে শুকতারাকে ৩-০ গোলে এগিয়ে দেন সোহেল। ব্রাদার্স অবশ্য ব্যবধান কমায় ইনজুরি টাইমে সৈকতের গোলে।
এর আগে শুক্রবার যশোর ভেন্যু থেকে ফাইনালে উঠে ফেনী সকার ক্লাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২২২০ঘ.
bdnews24