২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ডিডোর অন্য রকম মিশন

নতুন মিশনে শনিবার ডিডোর দল পৌঁছে গেছে কক্সবাজারে। রোববার বিশ্রাম দিয়ে পরদিন থেকেই সৈকতের বালুতে শুরু হবে তিন সপ্তাহের ফিটনেস ট্রেনিং ক্যাম্প।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2009, 03:50 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন মিশনে শনিবার ডিডোর দল পৌঁছে গেছে কক্সবাজারে। রোববার বিশ্রাম দিয়ে পরদিন থেকেই সৈকতের বালুতে শুরু হবে তিন সপ্তাহের ফিটনেস ট্রেনিং ক্যাম্প। এটা বাফুফের নতুন উদ্যোগ। আগে জাতীয় দলের কোনো খেলা থাকলেই তারা নড়েচড়ে বসতো, ট্রেনিংয়ের ব্যবস্থা করতো। এবার বাংলাদেশের ব্রাজিলিয়ান কোচ এডসন সিলভা ডিডো এবং ট্রেনার অ্যারিয়েল কোলম্যানের তাড়া খেয়ে আগে-ভাগেই জাতীয় দলের উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্বে মিয়ানমারের সঙ্গে বাজে পারফরম্যান্সের জন্য খেলোয়াড়দের ফিটনেসের অভাবকে বড় কারণ হিসেবে দেখিয়েছিলেন কোচ। পাশাপাশি ট্রেনিংয়ের জন্য পর্যাপ্ত সময় না পাওয়ার কথাও উল্লেখ করেছিলেন তিনি। তাকে সমর্থন করেছেন আর্জেন্টাইন ট্রেনার কোলম্যানও। চ্যালেঞ্জ কাপ শেষে দু'জনের রিপোর্টেও অভিন্ন সুরে খেলোয়াড়দের ফিটনেসের অভাবের কথা বলা হয়েছে। এজন্য জাতীয় দল তৈরির আগে ৩০ জনকে নিয়ে একটি প্রাথমিক ট্রেনিং ক্যাম্পের ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শনিবার এই ৩০ ফুটবলারকে নিয়ে কক্সবাজারে পৌঁছে গেছেন ডিডো। ক্যাম্পের ম্যানেজার হাসানুজ্জামান খান বাবলু জানিয়েছেন, "সবাই গেলেও রাশেদ, রেজাউল ও রানার পুরোদমে প্র্যাকটিস শুরু হবে ২৩ তারিখের পর থেকে।" ক্যাম্পে ডাক পাওয়া এ তিন ফুটবলার এখন বসুন্ধরা চ্যাম্পিয়নস ক্লাব কাপ নিয়ে ব্যস্ত, তারা খেলছেন ফেনী সকার ক্লাবের হয়ে। আগামী ২৩ জুন ফাইনালের পর তারা প্র্যাকটিসে যোগ দেবেন। কক্সবাজারে তিন সপ্তাহ ফিটনেস ট্রেনিংয়ের পর বিকেএসপিতে আবাসিক ট্রেনিং হবে নয় সপ্তাহের। কোচের বিশ্বাস, "তিন মাস ভালভাবে ট্রেনিং করাতে পারলে আন্তর্জাতিক টুর্নামেন্টে লড়াই করার মতো করে গড়ে তুলতে পারবো তাদের। এর সঙ্গে কয়েকটি প্র্যাকটিস ম্যাচ খেলানো গেলে এই দলকে নিয়ে অনেক দূর যাওয়া যাবে।" ৩০ জন খেলোয়াড় : আমিনুল হক, বিপ্লব ভট্ট্রাচার্য্য, মাজহারুল ইসলাম হিমেল, মোস্তাকুর রহমান মোস্তাক, নাসিরুল ইসলাম নাসির, রাশেদুল ইসলাম, ওয়ালী ফয়সাল, আতিকুর রহমান মিশু, রাসেল আনসারী, রজনী কান্ত বর্মন, মামুন মিয়া, আরিফুল ইসলাম, কাজী মোফাজ্জল হোসেন সৈকত, আল-আমিন, রেজাউল করিম রেজা, জাহিদ হোসেন, জাহেদ পারভেজ চৌধুরী, মোবারক হোসেন ভূইয়া, আরমান আজিজ, মেজবাবুল হক মানিক, ইমন মাহমুদ, শেখ আলমগীর কবির রানা, মামুনুল ইসলাম মামুন, ইমতিয়াজ সুলতান জিতু, নাঈম হোসেন, জাহিদ হাসান এমিলি, এনামুল হক, মিথুন চৌধুরী, সাব্বির মাহমুদ প্রিতম ও আব্দুল বাতেন মজুমদার কোমল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২১৫৮ ঘ.