ব্লুমফন্টেইন, ১৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টানা ৩৫টি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত থাকা আর টানা ১৪টি আন্তর্জাতিক ম্যাচ জয়ের রেকর্ড, সঙ্গে প্রথম দল হিসেবে কনফেডারেশনস কাপের সেমিফাইনালে ওঠা। বুধবার ব্লুমফন্টেইনের ফ্রি স্টেট স্টেডিয়ামে ডেভিড ভিয়ার দেওয়া একমাত্র গোলে ইরাককে হারিয়ে একই সঙ্গে এই তিনটি অর্জন যোগ হয়েছে স্পেনের।
ম্যাচের ৫৫ মিনিটে বাম প্রান্ত থেকে স্যান্টি কারজোলার ক্রসে মাথা ছুঁইয়ে ম্যাচের ভাগ্য নির্ধারক গোলটি করেছেন ভিয়া। এশিয়ান চ্যাম্পিয়নদের বিরুদ্ধে এই জয়ের ফলে কনফেডারেশন্স কাপের 'এ' গ্র"প থেকে সবার আগে শেষ চারে নাম লিখিয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। এর আগে প্রথম ম্যাচে তারা নিউজিল্যান্ডকে ৫-০ গোলে হারিয়েছিল।
আন্তর্জাতিক ফুটবলে এটি স্পেনের টানা ১৪তম জয়। ফ্রান্স, ব্রাজিল আর অস্ট্রেলিয়ার সঙ্গে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডটা ভাগাভাগি করতে হচ্ছে তাদের। আর টানা সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডে তাদের সঙ্গী ব্রাজিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৮১২ ঘ.
bdnews24