রেসিফে/কিটো, ১১ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ম্যারাডোনা কোচ হওয়ার পর থেকেই প্রিয় দলকে নিয়ে আশায় বুক বেঁধেছিল আর্জেন্টিনার সমর্থকরা। কিন্তু বিশ্বকাপ বাছাইপর্বে ম্যারাডোনার দলের পারফরম্যান্স তাদের হতাশ করছে দিন-দিন। বলিভিয়া-দুঃস্বপ্ন ভুলতে না ভুলতেই আবার হার মেনেছে আর্জেন্টিনা। এবারের পরাজয় ইকুয়েডরের কাছে ০-২ গোলে। তবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল পিছিয়ে পড়েও ২-১ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে। যে জয় দক্ষিণ আমেরিকা অঞ্চলে ব্রাজিলীয়দের শীর্ষস্থানই শুধু সুসংহত করেনি, নিয়ে গেছে বিশ্বকাপের দ্বারপ্রান্তেও। বাকি চার ম্যাচে মাত্র তিন পয়েন্ট পেলেই দক্ষিণ আফ্রিকার টিকেট হাতে পেয়ে যাবে একমাত্র দল হিসাবে সবগুলো বিশ্বকাপ খেলা ব্রাজিল।
মাস দুয়েক আগে বলিভিয়ার লা পাজ থেকে ১-৬ গোলে পরাজয়ের লজ্জা নিয়ে ফিরেছিল আর্জেন্টিনা। লা পাজের মতো অত উচ্চতায় না হলেও (বলিভিয়ার রাজধানী সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬০০ মিটার উঁচুতে) কিটোর অবস্থানও কম উঁচুতে নয়। কিন্তু প্রায় ২৮০০ মিটার ওপরের কিটোতে আর্জেন্টাইনদের শুরুটা মন্দ হয়নি। দশম মিনিটে লিওনেল মেসি একটা সহজ সুযোগ নষ্ট না করলে এগিয়েও যেতে পারতো তারা। গ্যাব্রিয়েল হাইঞ্জের নিচু ক্রস ধরে পোস্টের মাত্র ছয় মিটার দূর থেকে বাইরে মেরেছেন এ মৌসুমে বার্সেলোনার 'ট্রেবল' জয়ের প্রধান স্থপতি।
২৮ মিনিটে কার্লোস তেভেজের 'কীর্তি' অবশ্য আর্জেন্টাইনদের চোখে এক কথায় অমার্জনীয় অপরাধ! ইকুয়েডর গোলরক্ষক মার্সেলো এলিজাগা বক্সের মধ্যে তেভেজকে ফেলে দিয়ে শুধু হলুদ কার্ডই পাননি, পেনাল্টিও উপহার (!) দিয়েছেন প্রতিপক্ষকে। আর্জেন্টিনায় জন্ম নেয়া এলিজাগা নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেছেন দারুণভাবে, পেনাল্টি থেকে তেভেজের দুর্বল শট ঠেকিয়ে দিয়ে। প্রথমার্ধে তেমন সুবিধা করতে না পারা স্বাগতিকরা দূর থেকে দুটো শট নিয়ে আর্জেন্টিনাকে বিপদে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু তাতে কোনো লাভ হয়নি।
বিরতির পর কিন্তু ভাগ্যদেবী বিমুখ করেনি ইকুয়েডরকে। আর্জেন্টাইন গোলরক্ষক মারিয়ানো আন্দুজার দুবার দলকে রক্ষা করলেও তৃতীয় বার আর পারেননি। ৭২ মিনিটে পাবলো প্যালাসিওসের বাড়িয়ে দেয়া বল ধরে প্রায় ২৫ মিটার দূর থেকে নেয়া লেফট ব্যাক ওয়াল্টার আয়োভির জোরালো শট ম্যাচের বন্ধ্যাত্ব ঘুচিয়েছে (১-০)। ১১ মিনিট পর আবার গোল। বক্সের ভেতর থেকে প্যালাসিওসের শটে ২-০তে এগিয়ে যাওয়া ইকুয়েডোরিয়ানরা আরেকটা গোলও পেতে পারতো। কিন্তু ইনজুরি সময়ে আন্তোনিও ভ্যালেন্সিয়ার দূরপাল্লার শট পোস্টে লেগে ফিরে আসায় ব্যবধান আর বাড়াতে পারেনি তারা।
ম্যারাডোনার অধীনে বাছাইপর্বে এটা আর্জেন্টিনার চার ম্যাচে দ্বিতীয় হার। যে পরাজয়ে ২২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন চতুর্থ। তবু দলের পারফরম্যান্সে অখুশি নন আর্জেন্টাইন ফুটবল-মহানায়ক, "কীভাবে এই পরাজয়ের ব্যাখ্যা করবো? কৌশলগত আর মনস্তাত্ত্বিক দিক দিয়ে আমরাই ম্যাচটা নিয়ন্ত্রণ করেছি। কিন্তু ফুটবল তো এমনই! যখন আপনি সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ হবেন তখন দেখবেন বল নিজেদের জালেই ঢুকে গেছে।"
প্রতিপক্ষের অতিরিক্ত রক্ষণাত্মক মানসিকতার সমালোচনা করতেও তিনি ছাড়েননি, "প্রথমার্ধে তো ওরা কিছুই করতে পারেনি। ওদের খোলস থেকে বেরিয়ে আসা উচিৎ ছিল। দ্বিতীয়ার্ধে ওরা কয়েকটা সুযোগ পেয়েছে আর সেগুলো থেকে দুটো গোল করেছে। অথচ আমরা একটা গোল করতে পারলে ম্যাচটা সেখানেই শেষ হয়ে যেতো। কার্লিতস (তেভেজ), হোনাস (গুতিয়েরেজ), লিও (মেসি) আর ম্যাক্সি (রড্রিগেজ) মিলে ওদের অবস্থা শোচনীয় করে ছেড়েছিল। কিন্তু আমরা পেনাল্টি মিস করেছি আর অন্য সুযোগগুলোও নষ্ট করেছি।"
কিটোর দুঃখজনক অভিজ্ঞতা নিয়ে মন খারাপ না করে ম্যারাডোনা এখন আগামী সেপ্টেম্বরে ব্রাজিলের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচটার দিকে অধীর আগ্রহে তাকিয়ে, "আমাদের এখন ব্রাজিলের সঙ্গে ম্যাচটার দিকে তাকাতে হবে। এটাই আমাদের প্রধান লক্ষ্য। ম্যাচটা দুর্দান্তই হবে। এটা এমন এক ম্যাচ যেখানে প্রত্যেকে ভালো খেলতে চায়।"
ঘরের মাঠ রেসিফেতে ব্রাজিল পিছিয়ে পড়েছে দুর্ভাগ্যজনকভাবে। ২৫ মিনিটে সালভাদর ক্যাবানাসের ফ্রিকিক এলানোর গায়ে লেগে ওপরে উঠে এগিয়ে দিয়েছে প্যারাগুয়েকে। এবারের বাছাইপর্বে ঘরের মাঠে এটা ব্রাজিলের জালে মাত্র দ্বিতীয় গোল। বিরতির মিনিট চারেক আগেই অবশ্য সমতা ফিরিয়ে এনেছে স্বাগতিকরা। ডানদিক থেকে ড্যানিয়েল অ্যালভেসের ক্রস খুঁজে পেয়েছে রবিনিয়োকে। আর রবিনিয়োর ভলি খুঁজে পেয়েছে প্যারাগুয়ের পোস্টকে (২-১)।
ব্রাজিলের জয়সূচক গোলটা নিলমারের। আগের ম্যাচে লালকার্ড দেখা লুই ফ্যাবিয়ানোর অনুপস্থিতিতে সুযোগ পাওয়া নিলমার প্রথমার্ধে নি
bdnews24