২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ বছরের জন্য রিয়াল মাদ্রিদে কাকা

ছয় বছরের জন্য রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাকা। গত সোমবার তিনি এ স্প্যানিশ ক্লাবের চুক্তিপত্রে সই করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2009, 07:08 AM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয় বছরের জন্য রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাকা। গত সোমবার তিনি এ স্প্যানিশ ক্লাবের চুক্তিপত্রে সই করেন। গুঞ্জন ছিল এসি মিলানের এই তারকা ইংলিশ ক্লাব চেলসিতে পাড়ি জমাবেন। কিন্তু তাকে ঘিরে সে গুঞ্জন এ পাকা চুক্তির মাধ্যমে অবসান হলো। বুধবার ব্রাজিল-প্যারাগুয়ের বিশ্বকাপ বাছাই ম্যাচের ঠিক আগে ২৭ বছরের এ ব্রাজিলিয়ান নিজেই বললেন, "নাটক শেষ হলো এবার। দরকষাকষি শেষ এবং আমি রিয়ালের বদলি হচ্ছি।" রিয়াল মাদ্রিদও এক বিবৃতিতে জানায়, তারা ইতালিয়ান ক্লাব এসি মিলান থেকে কাকাকে তাদের দলে ভিড়িয়েছে। তবে এ জন্য তাদের কত টাকা খরচ করতে হচ্ছে, সে বিষয়ে মুখ খোলেনি তারা। কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, কাকা-রিয়াল মাদ্রিদ চুক্তিটি ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় চুক্তির একটি। রিয়াল মিলানকে এ বাবদ ৯২ মিলিয়ন ডলার অর্থাৎ ৬৫ মিলিয়ন পাউন্ড দিচ্ছে। এটা অবশ্য ২০০১ সালে জুভেন্তাস থেকে রিয়াল মাদ্রিদে উড়ে আসা জিনেদিন জিদানের ৭৬ মিলিয়ন পাউন্ড ছুঁতে পারেনি। রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ বলেন, "কাকা এমন একজন ফুটবলার যাকে সব দলই পেতে চায়। আমরা তাকে দলে নেওয়ার সুযোগটা পেয়েছি।" অন্যদিকে এসি মিলান এক বিবৃতিতে জানায়, কাকার শূন্যস্থান পূরণ করা বেশ কঠিন। আমরা তাকে ধন্যবাদ জানাই গত ছয় বছরে এসি মিলানের পক্ষে তার অবদানের জন্য। কাকা ২০০৭ সালে চ্যাম্পিয়ন্স লিগ এবং ২০০৪ সালে ইতালিয়ান লিগ জিততে মিলানের হয়ে বড় ভূমিকা রাখেন। কাকা রিয়ালের সাবেক গ্রেট ফুটবলার জিনেদিন জিদানের ৫ নম্বর জার্সি পড়েই মাঠে নামবেন। শুধু তাই নয়, রিয়ালে পা দিতে না দিতেই তিনি চির 'শত্র"' বার্সেলোনার আধিপত্যকে চ্যালেঞ্জ ছুড়েছেন। যদিও তিনি মানেন যে বার্সার আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসিকেই বিশ্বসেরা ফুটবলার ঘোষণা করা হোক, কিন্তু বার্সার দিন যে ফুরাচ্ছে সে বিষয়ে তার কোনও সন্দেহ নেই। কাকা বলেন, "আমি আশা করছি, বার্সেলোনার আধিপত্য অচিরেই থেমে যাবে এবং আগামী শিরোপা রিয়ালই জিতবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এমআই/১৩০০ ঘ.