২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাক-মৌসুম ট্রেনিং ক্যাম্পের জন্য ৩০জন চূড়ান্ত

বয়সের ভার কমিয়ে জাতীয় ফুটবল দলের ৩০ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাদের নিয়ে আগামী ১৫ জুন থেকে শুরু হবে তিন মাসের প্রাক-মৌসুম প্রশিক্ষণ শিবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2009, 03:27 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বয়সের ভার কমিয়ে জাতীয় ফুটবল দলের ৩০ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাদের নিয়ে আগামী ১৫ জুন থেকে শুরু হবে তিন মাসের প্রাক-মৌসুম প্রশিক্ষণ শিবির। ঘোষণা বাফুফে দিলেও এই ৩০ জন মূলত ডিডোর পছন্দ, যিনি বাংলাদেশে নিজের প্রথম অ্যাসাইনমেন্টে তরুণ্য-নির্ভর দল নিয়ে পরীক্ষা করেছেন। তিনি পাস করেছেন এএফসি চ্যালেঞ্জ কাপের ওই পরীক্ষায়। তাতেই বেড়ে গেছে তার আত্মবিশ্বাস, সুবাদে চ্যালেঞ্জ কাপের স্কোয়াডের নামি-দামি ৫ জনকে বাদ দিয়ে নতুন যোগ করেছেন ১০ জনকে। বাদ পড়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মতিউর মুন্না, ডিফেন্ডার মোহাম্মদ সুজন, মিডফিল্ডার প্রাণতোষ, স্ট্রাইকার রবিন ও মিডফিল্ডার শরীফ। তাদের বাদ দেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন ব্রাজিলিয়ান কোচ, বাফুফে নিউজ রিলিজে তিনি বলেছেন, "প্রথম তিন জনের বয়স বেড়ে যাওয়ায় ধীরগতির হয়ে গেছে। বাকি দুজন কোচের নির্দেশনা মতো মাঠে খেলতে পারেন না।" তরুন স্ট্রাইকার রবিন ও শরীফকে নাকি যেভাবে এবং যে জায়গায় খেলতে বলা হয় তারা মাঠে গিয়ে তা ভুলে যান। এই পাঁচজন বাদে চ্যালেঞ্জ কাপের স্কোয়াডের বাকি ২০ জন টিকে গেছেন। তাদের সঙ্গে যোগ হয়েছে আরো ১০ জন- মোস্তাকুর রহমান, রাসেল আনসারী, আল-আমিন, রেজাউল করিম রেজা, মোবারক হোসেন, শেখ আলমগীর কবির রানা, ইমতিয়াজ সুলতান জিতু, নাঈম হোসেন, সাব্বির মাহমুদ প্রিতম ও আব্দুল বাতেন মজুমদার কমল। কেবল কমলই পুরনো, জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে এই স্ট্রাইকারের। এছাড়া বাকিদের গত মার্চে বিকেএসপিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ দলের ক্যাম্প থেকে প্রমোশন দেওয়া হয়েছে জাতীয় দলের ক্যাম্পে। তাদের নিয়ে ডিডোর ভীষণ উচ্চাশা, "আমি ভবিষ্যতের বাংলাদেশ দল খুঁজছি। আমার বিশ্বাস এই ১০ জন থেকে কমপক্ষে ৬ জন এ বছরের শেষে বাংলাদেশ দলের হয়ে খেলবে।" কোচের বিশ্বাসের মূল প্রেরণা এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্ব, "চ্যালেঞ্জ কাপে আমি সময় কম পাওয়ায় মাত্র ৫ জন নতুন খেলোয়াড় খেলিয়েছি। এবার দল গঠনের জন্য অনেক বেশি সময় পাচ্ছি, তাই আমি আশাবাদী।" এজন্য তাকে দেওয়া হচ্ছে তিন মাস। শুরু কক্সবাজার দিয়ে, সেখানে বালুর মধ্যে ৩ সপ্তাহ ফিটনেস ট্রেনিং হবে। তারপর বিকেএসপিতে হবে ৯ সপ্তাহের আবাসিক ক্যাম্প। "আমি বিশ্বাস করি, তিন মাস ভালভাবে ট্রেনিং করাতে পারলে আন্তর্জাতিক টুর্নামেন্টে লড়াই করার মতো করে গড়ে তুলতে পারবো তাদের। এর সঙ্গে কয়েকটি প্র্যাকটিস ম্যাচ খেলানো গেলে এই দলকে নিয়ে অনেক দূর যাওয়া যাবে"- এভাবেই কোচ আশার বানী শুনিয়েছেন ফেডারেশনকে। ৩০ জন খেলোয়াড় : আমিনুল হক, বিপ্লব ভট্ট্রাচার্য্য, মাজহারুল ইসলাম হিমেল, মোস্তাকুর রহমান মোস্তাক, নাসিরুল ইসলাম নাসির, রাশেদুল ইসলাম, ওয়ালী ফয়সাল, আতিকুর রহমান মিশু, রাসেল আনসারী, রজনী কান্ত বর্মন, মামুন মিয়া, আরিফুল ইসলাম, কাজী মোফাজ্জল হোসেন সৈকত, আল-আমিন, রেজাউল করিম রেজা, জাহিদ হোসেন, জাহেদ পারভেজ চৌধুরী, মোবারক হোসেন ভূইয়া, আরমান আজিজ, মেজবাবুল হক মানিক, ইমন মাহমুদ, শেখ আলমগীর কবির রানা, মামুনুল ইসলাম মামুন, ইমতিয়াজ সুলতান জিতু, নাঈম হোসেন, জাহিদ হাসান এমিলি, এনামুল হক, মিথুন চৌধুরী, সাব্বির মাহমুদ প্রিতম ও আব্দুল বাতেন মজুমদার কোমল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/