ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'প্রাক-মৌসুম ট্রেনিং'-এর নামে এবার জাতীয় ফুটবল দলের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ শুরু হচ্ছে। আগামী ১৫ জুন থেকে ৩০ জন ফুটবলারকে নিয়ে প্রায় চার মাসের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
এটা বাফুফের নতুন উদ্যোগ। আগে জাতীয় দলের কোনো খেলা থাকলেই তারা নড়েচড়ে বসতো, ট্রেনিংয়ের ব্যবস্থা করতো। এবার ডিডো এবং কোলম্যানের তাড়া খেয়ে আগে-ভাগেই জাতীয় দল উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্বে মিয়ানমারের সঙ্গে বাজে পারফরম্যান্সের জন্য খেলোয়াড়দের ফিটনেসের অভাবকে বড় কারণ হিসেবে দেখিয়েছিলেন কোচ এডসন সিলভা ডিডো। পাশাপাশি ট্রেনিংয়ের জন্য পর্যাপ্ত সময় না পাওয়ার কথাও উল্লেখ করেছিলেন এই ব্রাজিলিয়ান কোচ। তাকে সমর্থন করেছেন আর্জেন্টাইন ট্রেনার অ্যারিয়েল কোলম্যানও। চ্যালেঞ্জ কাপ শেষে দু'জনের রিপোর্টেও অভিন্ন সুরে খেলোয়াড়দের ফিটনেসের অভাবের কথা বলা হয়েছে।
সামনে যেন তারা এ সমস্যার কথা বলতে না পারেন সেজন্য জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি সোমবার সভা করে প্রায় চার মাসের ট্রেনিংয়ের ছক কষেছে। যার প্রথম তিন সপ্তাহ কাটবে কক্সবাজার সমুদ্র সৈকতে। এ ব্যাপারে প্রধান কোচ ডিডোর চিন্তা-ভাবনা শোনার সুযোগ নেই, কারণ মোবাইল ফোনের যুগেও তার টিকি খুঁজে পাওয়া দায়। 'ডুমুরের ফুলের' ডেপুটি শফিকুল ইসলাম মানিক জানিয়েছেন, "এটাকে বলা যেতে পারে প্রাক-মৌসুম ট্রেনিং ক্যাম্প। ফুটবলারদের ফিটনেসের ওপর জোর দিতে গিয়ে প্রথমে কক্সবাজারে বালুর মধ্যে ট্রেনিংয়ের পরিকল্পনা করা হয়েছে। কারণ বালুতে দৌঁড়াতে অনেক স্ট্যামিনা লাগে। আর কোলম্যানও তা চেয়েছেন।" কক্সবাজারে তিন সপ্তাহ ট্রেনিংয়ের পর বিকেএসপিতে তিন মাসের আবাসিক ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে বাফুফে।
ক্যাম্পের ৩০ জনের বেশিরভাগই এএফসি চ্যালেঞ্জ কাপের স্কোয়াডের। তার মধ্যে দু-তিন জন বাদ পড়তে পারে ইঙ্গিত দিয়েছেন মানিক। তাদের জায়গায় দেখা যেতে পারে গত মার্চে বিকেএসপিতে অনুষ্ঠিত ট্রেনিং ক্যাম্পের ফুটবলারদের। প্রায় চার মাসের এই ট্রেনিং প্রোগ্রামে ফুটবলারদের বেতন বাড়ানোর ইচ্ছা আছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির। তা ১০ থেকে ১৫ হাজারে উন্নীত হতে পারে বলে জানা গেছে।
আগামী সেপ্টেম্বরের শেষ দিকে শুরু হয়ে যাবে নতুন মৌসুমের খেলা। এজন্যই এটাকে 'প্রাক-মৌসুম ট্রেনিং' প্রোগ্রাম বলা হচ্ছে। এই কয়েক মাসের মধ্যে জাতীয় দলের কোনো টুর্নামেন্ট সূচী না থাকলেও এই ট্রেনিং প্রোগ্রাম সাফ গেমস ও সাফ চ্যাম্পিয়নশিপে কাজ দেবে বলে কর্মকর্তাদের বিশ্বাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১১০ঘ.
bdnews24