২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বপ্ন বাঁচিয়ে রাখলেন ফেদেরার, শেষ আটে সেরেনাও

আগের দিন রাফায়েল নাদালের বিদায়ের পর স্পটলাইটটা এখন তার ওপরেই। রজার ফেদেরারের টেনিস ক্যারিয়ারের সবচেয়ে বড় অপ্রাপ্তি ঘোচানোর এটাই সুযোগ, বলছেন খোদ নাদালও। কিন্তু সোমবার এই সুইস তারকাকেও তাড়া করছিল অঘটনের দুঃস্বপ্ন। জার্মানির টমি হাসের বিপক্ষে চতুর্থ রাউন্ডের ম্যাচে ফেদেরারও হেরে বসেছিলেন প্রথম দুটি সেটেই। তবে এরপর ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছেন তিনি, ৬-৭ (২-৭) ৫-৭, ৬-৪, ৬-০, ৬-২ গেমে জিতে বাঁচিয়ে রেখেছেন প্রথম বারের মতো ফ্রেঞ্চ ওপেন শিরোপা জয়ের স্বপ্ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2009, 01:53 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

প্যারিস, ১ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিন রাফায়েল নাদালের বিদায়ের পর স্পটলাইটটা এখন তার ওপরেই। রজার ফেদেরারের টেনিস ক্যারিয়ারের সবচেয়ে বড় অপ্রাপ্তি ঘোচানোর এটাই সুযোগ, বলছেন খোদ নাদালও। কিন্তু সোমবার এই সুইস তারকাকেও তাড়া করছিল অঘটনের দুঃস্বপ্ন। জার্মানির টমি হাসের বিপক্ষে চতুর্থ রাউন্ডের ম্যাচে ফেদেরারও হেরে বসেছিলেন প্রথম দুটি সেটেই। তবে এরপর ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছেন তিনি, ৬-৭ (২-৭) ৫-৭, ৬-৪, ৬-০, ৬-২ গেমে জিতে বাঁচিয়ে রেখেছেন প্রথম বারের মতো ফ্রেঞ্চ ওপেন শিরোপা জয়ের স্বপ্ন। ক্যারিয়ারে ১৩টি গ্র্যান্ড স্লাম জিতলেও রোলাঁ গারোর ক্লে কোর্টে কখনোই শেষ হাসি হাসতে পারেননি ফেদেরার। গত তিনটি ফাইনালেই তিনি হেরেছিলেন রাফায়েল নাদালের কাছে। সেই নাদালকে চতুর্থ রাউন্ড থেকেই বিদায় করে দিয়ে রোববার টুর্নামেন্টের ইতিহাসের অন্যতম সেরা অঘটনের জন্ম দিয়েছেন সুইডেনের রবিন সডারলিং। তবে রোববার রোলাঁ গারোতে দেখা গেছে অভিজ্ঞতারই জয়। এদিন সকালে মেয়েদের এককের চতুর্থ রাউন্ডের দুটি ম্যাচে জিতে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়া নিশ্চিত করেছেন রাশিয়ার সভেৎলানা কুজনেতসভা আর যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। কানাডার আলেকসান্দ্রা উজনিয়াককে ৬-১, ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন দ্বিতীয় বাছাই সেরেনা, আর সপ্তম বাছাই কুজনেতসভা ৬-৪, ১-৬, ৬-১ গেমে হারিয়েছেন অ্যাজিনেস্কা রাদওয়ানস্কাকে। এর আগে রোববার কোয়ার্টার ফাইনালে উঠেছেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান মারিয়া শারাপোভাও। এবার অবাছাই হিসেবে খেলতে নামা এই রুশ সুন্দরী চীনের না লি কে হারিয়েছেন ৬-৪, ১-৬, ৬-১ গেমে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১৫০ ঘ.