প্যারিস, ২৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথম দুই ম্যাচে জিতেছিলেন অনেক লড়াই করে, তিন সেট খেলে। ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে এসে আর পারলেন না ভেনাস উইলিয়ামস, হেরে গেলেন হাঙ্গেরির অ্যাগনেস জাভেইয়ের কাছে। পাঁচ বার উইম্বলডন চ্যাম্পিয়ন, টুর্নামেন্টের তৃতীয় বাছাই ভেনাস শুক্রবার বলতে গেলে প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি, হেরেছেন ০-৬, ৪-৬ গেমে।
টুর্নামেন্টের ২০০২ সালের রানারআপ বিদায় নিলেও বর্তমান চ্যাম্পিয়ন ও রানারআপকে চতুর্থ রাউন্ডে উঠতে তেমন কষ্ট করতে হয়নি। 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ান' ও গতবারের রানারআপ রাশিয়ার দিনারা সাফিনা সহজেই ৬-২, ৬-০ গেমে জিতেছেন স্বদেশের আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভার বিপক্ষে। গত বছর সাফিনাকে হারিয়ে শিরোপা জিতে নেয়া আনা ইভানোভিচও পেয়েছেন সহজ জয়। চেক প্রজাতন্ত্রের ইভেতা বেনেসোভাকে তিনি হারিয়েছেন ৬-০, ৬-২ গেমে।
এছাড়া পুরুষ বিভাগে চতুর্থ রাউন্ডে উঠেছেন অষ্টম ফার্নান্দো ভারদাস্কো, দশম নিকোলাই দাভিদেঙ্কো এবং দ্বাদশ বাছাই ফার্নান্দো গনজালেজ। আর দ্বিতীয় রাউন্ডে জিতে তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন চতুর্থ বাছাই নোভাক দিউকোভিচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০৫৩ঘ.
bdnews24