ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- ১০ থেকে ১২ বছর বয়সী ছেলেদের নিয়ে আবারো শুরু হয়েছে ডানোন কাপের প্রস্তুতি। ৪০টা দলকে নিয়ে আগামী মাসে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট।
বাফুফের সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী জানিয়েছেন, জুনের ২০ থেকে ২৪ তারিখের মধ্যে শুরু হবে ডানোন কাপ ফুটবল। এ পর্যন্ত ৪০টা জেলা দল এই টুর্নামেন্টে অংশ নিতে সম্মতি জানিয়েছে। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে খেলা হবে। চার ভেন্যুর চ্যাম্পিয়ন ও রানার্স-আপ অর্থাৎ আটটি দল নিয়ে চূড়ান্ত পর্ব হবে ঢাকায়। খেলা হবে প্রতি অর্ধে ১৫ মিনিট করে এবং দল হবে ৯ জনের। বাংলাদেশে এই টুর্নামেন্ট আয়োজনের জন্য ডানোনের মূল আয়োজকরা দিচ্ছে ১২ হাজার ইউরো।
এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য ডানোন নেশনস কাপের জন্য দল গঠন। আগামী ৮-১২ অক্টোবর ব্রাজিলের সাও পাওলোতে হবে এই টুর্নামেন্ট। বাংলাদেশের চ্যাম্পিয়ন দলটি অংশ নেবে এতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২০৩৮ঘ.
bdnews24