২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় রাউন্ডে সাফিনা-ইভানোভিচ-শারাপোভা

কাঁধের ইনজুরি তার ক্যারিয়ারকেই ফেলে দিয়েছিল হুমকির সামনে। সেই ইনজুরি থেকে সেরে ওঠা মারিয়া শারাপোভার র‌্যাকেটে আবার পুরনো দ্যুতির আভাস। বুধবার স্বদেশী একাদশ বাছাই নাদিয়া পেত্রোভাকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে উঠে গেছেন টেনিসের রুশ 'গ্ল্যামার গার্ল'। সেখানে তার সঙ্গী টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ও রানারআপ আনা ইভানোভিচ ও দিনারা সাফিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2009, 02:30 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

প্যারিস, ২৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কাঁধের ইনজুরি তার ক্যারিয়ারকেই ফেলে দিয়েছিল হুমকির সামনে। সেই ইনজুরি থেকে সেরে ওঠা মারিয়া শারাপোভার র‌্যাকেটে আবার পুরনো দ্যুতির আভাস। বুধবার স্বদেশী একাদশ বাছাই নাদিয়া পেত্রোভাকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে উঠে গেছেন টেনিসের রুশ 'গ্ল্যামার গার্ল'। সেখানে তার সঙ্গী টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ও রানারআপ আনা ইভানোভিচ ও দিনারা সাফিনা। ইনজুরির কারণে প্রায় ৯ মাস কোর্টের বাইরে থাকতে হয়েছিল, খেলতে পারেননি গত ইউএস ও অস্ট্রেলিয়ান ওপেনে। এক সময় শীর্ষে থাকলেও এখন র‌্যাংকিংয়ে তার অবস্থান ১০২ নম্বরে। এবার তাই শারাপোভাকে খেলতে হচ্ছে অবাছাই হিসাবে। এসব দুঃখজনক অভিজ্ঞতাকে পেছনে ফেলে বুধবার লড়াইয়ের দুর্দান্ত এক দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। প্রথম সেট ৬-২ গেমে জিতলেও পরেরটায় দাঁড়াতেই পারেননি পেত্রোভার সামনে, হেরে যান ১-৬ গেমে। তৃতীয় সেটেও এক সময় পিছিয়ে ছিলেন ২-৪ ব্যবধানে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সেটটা ৮-৬ গেমে জিতে নেন শারাপোভা, নিশ্চিত করেন তৃতীয় রাউন্ডে উত্তরণ। সাফিনা আর ইভানোভিচকে অবশ্য জয়ের জন্য তেমন কষ্ট করতে হয়নি। 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ান' ও টুর্নামেন্টের শীর্ষ বাছাই সাফিনা স্বদেশী ভিতালিয়া দিয়াতচেঙ্কোকে উড়িয়ে দিয়েছেন ৬-১, ৬-১ গেমে। গতবার সাফিনাকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জিতে নেয়া অষ্টম বাছাই ইভানোভিচও সহজেই ৬-১, ৬-২ গেমে হারিয়েছেন থাইল্যান্ডের তামারিন তানাসুগার্নকে। পুরুষ বিভাগের তৃতীয় বাছাই অ্যান্ডি মারে অবশ্য অত সহজে জিততে পারেননি। ইতালির পোতিতো স্তারাচেকে তিনি হারিয়েছেন ৬-৩, ২-৬, ৭-৫, ৬-৪ গেমে। তবে সপ্তম জাইলস সিমন, অষ্টম ফার্নান্দো ভারদাস্কো ও দ্বাদশ বাছাই ফার্নান্দো গনজালেজ সরাসরি সেটে জিতেই পা রেখেছেন তৃতীয় রাউন্ডে। কিন্তু বিদায় নিতে হয়েছে ফরাসীদের প্রিয় ফ্যাব্রিস সান্তোরোকে। টুর্নামেন্টে ২০তম এবং শেষবারের মতো এককে অংশ নেয়া সান্তোরো বেলজিয়ামের ক্রিস্টফ রোচাসের কাছে প্রথম রাউন্ডেই হেরে বিদায় জানিয়েছেন রোলাঁ গারোকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২২০৯ঘ.