২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এতো-মেসির গোলে বার্সেলোনার ইউরোপ জয়

ম্যাচটাকে দেখা হচ্ছিল লিওনেল মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনালদোর লড়াই হিসেবে। বুধবার রোমের অলিম্পিক স্টেডিয়ামে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের ফাইনালের সেই লড়াইয়ে শুরুটা ভালো হয়েছিল রোনালদোরই, প্রথম কয়েক মিনিটে এই পর্তুগিজের যাদুকরী ড্রিবলিংয়ে কিছুটা দিশেহারাই লাগছিল মেসির দল বার্সেলোনাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2009, 03:22 AM

Updated : 26 Aug 2022, 11:32 AM

রোম, ২৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ম্যাচটাকে দেখা হচ্ছিল লিওনেল মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনালদোর লড়াই হিসেবে। বুধবার রোমের অলিম্পিক স্টেডিয়ামে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের ফাইনালের সেই লড়াইয়ে শুরুটা ভালো হয়েছিল রোনালদোরই, প্রথম কয়েক মিনিটে এই পর্তুগিজের যাদুকরী ড্রিবলিংয়ে কিছুটা দিশেহারাই লাগছিল মেসির দল বার্সেলোনাকে। কিন্তু শেষ পর্যন্ত জয় হয়েছে মেসিরই। রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জিতে নিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা, আর সেই জয়টা নিশ্চিত হয়েছে ৭০ মিনিটে এই আর্জেন্টাইন তারকার দেওয়া গোলেই। বার্সেলোনার পক্ষে প্রথম গোলটি অবশ্য করেছেন আরেক তারকা- ক্যামেরুনের স্যামুয়েল এতো'। ম্যাচের ১০ মিনিটে অনেকটা খেলার ধারার বিপরীতেই এই গোল করে তিনি বার্সেলোনাকে এগিয়ে নেন। এরপরই বদলে যেতে থাকে পরিস্থিতি। ম্যাচ শেষে ম্যান ইউ কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন স্বীকার করেছেন, বার্সেলোনার অসাধারণ পাসিংয়ের কাছে হার হয়েছে তার দলের। সে রকমই একটা আক্রমণ থেকে ৭০ মিনিটে ক্যাটালানদের জয় নিশ্চিত করেছেন মেসি। ডানপ্রান্ত থেকে জাভি হার্নান্দেজের পাঠানো উঁচু একটা ক্রসে অনেকটা লাফিয়ে মাথা ছুঁইয়েছেন তিনি। এই জয়ের ফলে এ মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ কাপ আর স্প্যানিশ লিগের 'ট্রেবল' জিতলো বার্সেলোনা। আর তাদের কোচ পেপ গার্ডিওলা নাম লেখালেন খেলোয়াড় ও কোচ হিসেবে ইউরোপসেরা এই টুর্নামেন্টজেতাদের এক অভিজাত ক্লাবে। ১৯৯২ সালে ইয়োহান ক্রুইফের কোচিংয়ে প্রথমবারের মতো ইউরোপিয়ান কাপজয়ী বার্সেলোনা দলের সদস্য ছিলেন তিনি। অন্য দিকে এই ম্যাচে হেরে ম্যান ইউ সুযোগ হারিয়েছে 'চ্যাম্পিয়নস লিগ' যুগের প্রথম দল হিসেবে এই টুর্নামেন্টের শিরোপা ধরে রাখার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৮৩০ ঘ.