রোম, ২৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- একজন গতবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়, আরেকজন এবারের জন্য ওই পুরস্কারের অন্যতম দাবিদার। ইউরোপের সেরা ফুটবল টুর্নামেন্ট ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগে তাই স্বাভাবিক কারণেই আলোচনায় ক্রিশ্চিয়ানো রোনালদো আর লিওনেল মেসি। বুধবার রাতে রোমের অলিম্পিক স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে বছরজুড়ে 'স্বপ্নের ফুটবল' উপহার দেওয়া স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার লড়াইটাকে দেখা হচ্ছে 'রোনালদো বনাম মেসি' লড়াই হিসেবেই।
ম্যাচটি দেখতে এরই মধ্যে টিকেট কেটে প্রস্তুত হচ্ছেন যে ৬৭ হাজার দর্শক, তাদের দৃষ্টি থাকবে এই দুই তারকার নেতৃত্বে দুই দলের আক্রমণভাগের দিকেই। কিন্তু ম্যাচ শুরুর আগে প্রতিদ্বন্দ্বী দুই দলের কোচকে ভাবনায় তাদেরকেও ছাপিয়ে যাচ্ছে রক্ষণভাগ। প্রতিপক্ষের নয়, নিজেদেরই রক্ষণভাগ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে স্যার অ্যালেক্স ফার্গুসন আর পেপ গার্ডিওলার জন্য।
দুশ্চিন্তাটা বার্সেলোনার কোচ গার্ডিওলারই বেশি। এই ম্যাচে তিনি পাচ্ছেন না তার রক্ষণদুর্গের তিন প্রহরীকে। ফুলব্যাক ড্যানিয়েল অ্যালভেস আর এরিক আবিদাল নিষিদ্ধ হয়েছেন কার্ডের খাঁড়ায় পড়ে, আর সেন্ট্রাল ডিফেন্ডার রাফায়েল মার্কেজ পড়েছেন ইনজুরিতে। গার্ডিওলাকে তাই নতুন করে সাজাতে হচ্ছে একাদশ। তার পরিকল্পনায় আছে, মিডফিল্ডার সেইডু কেইটাকে লেফট ব্যাকের দায়িত্ব দিয়ে অধিনায়ক কার্লোস পুয়োলকে ডান প্রান্তের দায়িত্ব দেওয়ার। সে ক্ষেত্রে সেন্ট্রাল ডিফেন্সে জেরার্ড পিকের সঙ্গে দেখা যেতে পারে ইয়া ইয়া টোরেকে। জাভি হার্নান্দেজ আর আন্দ্রেস ইনিয়েস্তার নেতৃত্বে গড়া মিডফিল্ড আর মেসি-স্যামুয়েল এতো-থিয়েরি অঁরিকে নিয়ে গড়া আক্রমণভাগ নিয়ে অবশ্য কোনো দুশ্চিন্তা নেই তার। বরাবরের মতোই ৪-৩-৩ ফরমেশনের আক্রমণাত্মক ফুটবলই খেলবে গার্ডিওলার দল।
ম্যানচেস্টার ইউনাইটেডকেও এ মৌসুমে এই ৪-৩-৩ ফরমেশনে খেলতে দেখা গেছে প্রায় নিয়মিতই। তবে ফার্গুসন কৌশল বদলেও দল সাজিয়েছেন কখনো কখনো, এই ম্যাচেও তেমনি দেখা যেতে পারে ৪-৪-২ ফরমেশনের তুলনামূলক রক্ষণাত্মক কৌশল। আর সেটা হলে পার্ক জি সুং, মাইকেল ক্যারিক আর অ্যান্ডারসনের সঙ্গে মধ্যমাঠে দেখা যাবে খুব সম্ভব সতীর্থদের ভোটে ইংলিশ লিগের বর্ষসেরা রায়ান গিগসকে। আক্রমণে রোনালদোর সঙ্গে ওয়েইন রুনির জুটির বিকল্প হিসেবে বেঞ্চে থাকবেন কার্লোস তেভেজ ও দিমিতার বার্বাতোভ।
ক্লাবের ওয়েবসাইটে ক্যারিক এরই মধ্যে সে রকম আভাসও দিয়েছেন। গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে দুদলের সর্বশেষ লড়াইয়ের স্মৃতি মনে করিয়ে দিয়ে তিনি লিখেছেন, "ওরা যে কোনো সময়ে আক্রমণ গড়ে গোলের সুযোগ তৈরি করতে পারে। কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের রক্ষণভাগ সেটা ঠিকই ঠেকিয়ে দেবে আর আমরাও পাল্টা আক্রমণ করতে পারবো ওদের।" অর্থাৎ, রক্ষণদুর্গ দৃঢ় করে পাল্টা আক্রমণে যাওয়ার কৌশলের কথাই ভাবছে রেড ডেভিলরা!
কিন্তু ফার্গুসনের জন্যও দুশ্চিন্তার কারণ হতে পারে রক্ষণদুর্গ- কারণ রিও ফার্ডিন্যান্ডের ইনজুরি। রোববার হাল সিটির বিপক্ষে প্রিমিয়ার লিগের সর্বশেষ ম্যাচেও তিনি ছিলেন মাঠের বাইরে। ফার্গুসন যদিও বলছেন, কাফ মাসলের চোট সেরে মাঠে নামতে প্রস্তুত ইংলিশ লিগের সবচেয়ে দামি ডিফেন্ডার, কিন্তু অন্তত তার ম্যাচ প্র্যাকটিসের অভাবটা নিশ্চয়ই ভোগাবে রেড ডেভিলদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৮৪৭ ঘ.
bdnews24