২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় রাউন্ডে নাদাল-ফেদেরার-সাফিনা-ভেনাস

ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন চার ফেভারিট রাফায়েল নাদাল, রজার ফেদেরার, দিনারা সাফিনা ও ভেনাস উইলিয়ামস। সোমবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে জয় পেয়েছেন প্রত্যেকেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2009, 04:00 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

প্যারিস, ২৫ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন চার ফেভারিট রাফায়েল নাদাল, রজার ফেদেরার, দিনারা সাফিনা ও ভেনাস উইলিয়ামস। সোমবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে জয় পেয়েছেন প্রত্যেকেই। ফ্রেঞ্চ ওপেনের গত চার বারের চ্যাম্পিয়ন নাদাল অবশ্য সহজে জিততে পারেননি। ২ ঘন্টা ২৩ মিনিট লড়াই করে ব্রাজিলের অবাছাই মার্কোস ড্যানিয়েলকে ৭-৫, ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ান'। চার বছর আগে রোলাঁ গারোতে অভিষেকের পর এখনো পর্যন্ত অপরাজিত নাদালের সবচেয়ে বড় প্রতিপক্ষ দ্বিতীয় বাছাই ফেদেরারকে অবশ্য জয়ের জন্য তেমন ঘাম ঝরাতে হয়নি। ফ্রেঞ্চ ওপেনের গত তিনটি আসরের ফাইনালে নাদালের কাছেই হেরে যাওয়া ফেদেরার ৬-৪, ৬-৩, ৬-২ গেমে জিতেছেন স্পেনের আলবার্তো মার্টিনের বিপক্ষে। মেয়েদের র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা সাফিনার দুর্দান্ত সূচনা হয়েছে রোলা গাঁরোতে। ব্রিটেনের অ্যান কিওথাভংকে মাত্র ৬১ মিনিটে ৬-০, ৬-০ গেমে উড়িয়ে দিয়েছেন তিনি। তবে শীর্ষ বাছাই সাফিনার মতো সহজ জয় পাননি ভেনাস উইলিয়ামস। এবারের তৃতীয় বাছাই ভেনাস স্বদেশী বেথানি মাটেক-স্যান্ডসকে বেশ লড়াই করেই হারিয়েছেন। ম্যাচের স্কোরলাইন ৬-১, ৪-৬, ৬-২। সরাসরি সেটে জিততে পারেননি মারিয়া শারাপোভাও। প্রথম সেটে হেরে যাওয়ার পর টেনিসের অন্যতম 'গ্ল্যামার গার্ল' ৩-৬, ৬-১, ৬-২ গেমে হারিয়েছেন বেলারুশের আনাস্তাসিয়া ইয়াকিমোভাকে। তারপরও এই জয় শারাপোভার জন্য বিশেষ কিছু। ইনজুরির কারণে গত ইউএস ও অস্ট্রেলিয়ান ওপেনে তো খেলতেই পারেননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১৫৭ঘ.