ঢাকা, ২৫ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসুন্ধরা চ্যাম্পিয়নস ক্লাব কাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে নরসিংদীর জি.আর.সি স্পোর্টিং ক্লাব, সিরাজগঞ্জের একক সংঘ, দিনাজপুর ফুটবল একাডেমি ও নারায়ণগঞ্জের শুকতারা যুব সংসদ। সোমবার প্রথম ওয়াকওভারের ঘটনাও ঘটেছে এই টুর্নামেন্টে।
হবিগঞ্জে তেলিনগর নিউ স্পোর্টিংয়ের বিপক্ষে ওয়াকওভার পেয়ে ৩ পয়েন্ট পেয়েছে নরসিংদীর জি. আর. সি স্পোর্টিং ক্লাব, সুবাদে তাদের সংগ্রহ বেড়ে হয়েছে ৬ পয়েন্ট। রাজশাহী স্টেডিয়ামে একক সংঘ ৪-০ গোলে দিগন্ত প্রসারীকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে। দুটি করে গোল করেছেন বিজয়ী দলের ফজলুল হক মন্ত্রী ও খোকন।
দিনাজপুর স্টেডিয়ামে উজ্জীবন স্পোর্টিং ক্লাবের আত্মঘাতী গোলে টানা দ্বিতীয় জয় পেয়েছে দিনাজপুর ফুটবল একাডেমি। টাঙ্গাইল স্টেডিয়ামে নারায়ণগঞ্জের শুকতারা যুব সংসদ জাকিরের একমাত্র গোলে হারিয়েছে উদয়ন ক্রীড়াচক্রকে। শেরপুর স্টেডিয়ামে ঢাকার ফকিরেরপুল ক্লাব ৪-০ গোলে ময়মনসিংহের আবাহনী ক্রীড়াচক্রকে হারিয়ে প্রথম পয়েন্টের মুখ দেখেছে। আগের ম্যাচে তারা হেরেছিল।
এছাড়া এদিন ড্র হয়েছে ৬টি ম্যাচ। গোপালগঞ্জ স্টেডিয়ামে স্বাগতিক নিজড়া একাদশ-মাদারীপুরের সবুজবাগ ক্রীড়াচক্রের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ফেনীতে স্থানীয় সকার ক্লাব গোলশূন্য ড্র করেছে নোয়াখালীর পূর্বানী তরুণ সংঘের সঙ্গে।
রংপুর স্টেডিয়ামে নওগাঁর প্রবাহ সংসদ-লালমনিরহাটের অগ্নিশিখা সংসদের ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। নড়াইল স্টেডিয়ামে খুলনা টাউন ক্লাব ও যশোরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ ২-২ গোলে, মেহেরপুর স্টেডিয়ামে স্থানীয় রাইপুর জাগরণী ক্লাব ও ঝিনাইদহের পিউল স্মৃতি সংসদ ১-১ গোলে এবং বান্দরবানে রামু ব্রাদার্স ইউনিয়ন ও বান্দরবান খেলোয়াড় সমিতি ১-১ গোলে ড্র করেছে।
১২ টি ভেন্যুর মধ্যে কেবল বরগুনা স্টেডিয়ামে খেলা হয়নি। বৃষ্টির কারণে পটুয়াখালীর বড়বাড়ী বয়েজ ও বরগুনার আবাহনী ক্রীড়াচক্রের ম্যাচটি মাঠে গড়ায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২১০৯ঘ.
bdnews24