বার্সেলোনা, ২৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফেলিক্স ম্যাগাথের কাছে ব্যাপারটা এখনো স্বপ্নের মতোই লাগছে। বুন্দেসলিগার শিরোপা এর আগেও জিতেছেন তিনি। খেলোয়াড় হিসেবে, কোচে হিসেবেও। কিন্তু উলফসবার্গের মতো দলকে নিয়ে ইউরোপের অন্যতম সেরা এই লিগের শিরোপা জয়, স্বপ্নের মতোই ব্যাপার বটে। শনিবার ওয়ের্ডার ব্রেমেনকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে সেই স্বপ্নটা পুরণ করে ফেলেছে তার উলভসরা।
জার্মান লিগে এবারের মৌসুমটা শুরু থেকেই ছিল নাটকীয়তায় ঠাসা। হফেনহেইম নামে এক অখ্যাত দলের উত্থান দিয়ে শুরু হওয়া সেই নাটক শেষ হলো উলফসবার্গের প্রথম শিরোপা জয় দিয়ে। শেষ রাউন্ডের আগেই অবশ্য সেটা এক রকম নিশ্চিত করে রেখেছিল তারা। নিকটতম প্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে থাকা উলভসদের একমাত্র ভয় ছিল শক্তিশালী ব্রেমেনের বিপক্ষে হোঁচট খাওয়া নিয়ে। সেটা হয়নি, আর তাই নিজেদের ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ভিএফবি স্টুটগার্টকে ২-১ গোলে হারিয়েও লাভ হয়নি বায়ার্নের। রানার্স আপ হয়ে তারা অবশ্য নিশ্চিত করেছে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলাটা।
এই বায়ার্নকেই টানা দুবছর বুন্দেসলিগা আর জার্মান কাপের ডাবল জিতিয়েছিলেন ম্যাগাথ, কিন্তু পরের মৌসুমের মাঝপথেই তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল তারা। ২০০৭ সালের জানুয়ারিতে বায়ার্নের চাকরি হারিয়ে জুনে যোগ দিয়েছিলেন উলফসবার্গে, তখন তো বটেই এমনকি এ মৌসুমের শুরুতেও ভাবেননি আবার জিততে পারবেন শিরোপা।
সেটা সম্ভব হয়েছে উলফসবার্গের স্ট্রাইকার জুটি ব্রাজিলিয়ান গ্রাফিতে আর বসনিয়ান এদিন জেকোর কারণে। এই দুজনে মিলে এবার ৫৪ গোল করে গড়েছেন এক নতুন রেকর্ড- এর আগে কখনোই বুন্দেসলিগার এক মৌসুমে একই দলের দুই স্ট্রাইকার বিশের বেশি গোল করতে পারেননি। এবার গ্রাফিতে করেছেন ২৮ গোল আর জেকো ২৬টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৮৩৭ ঘ.
bdnews24