২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাগতিকদের আধিপত্যে শুরু হয়েছে বসুন্ধরা চ্যাম্পিয়নস ক্লাব কাপ

ঢাকার বাইরে ১২টি ভেন্যুতে প্রথমবারের মতো শুরু হয়েছে বসুন্ধরা চ্যাম্পিয়নস ক্লাব কাপ ফুটবল। উদ্বোধনী দিনে স্বাগতিকরাই আধিপত্য করেছে। শুক্রবার জিতেছে ইয়াং টাইগার নুরপুর, চট্টগ্রাম মোহামেডান ব্লুজ, ঘাগড়া স্পোর্টিং ক্লাব, পাবনা ব্রাদার্স ইউনিয়ন, নিজড়া একাদশ, ফেনী সকার ক্লাব, দিনাজপুর ফুটবল একাডেমি ও রাইপুর জাগরণী ক্লাব। ড্র হয়েছে বাকি চারটি ম্যাচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2009, 02:50 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, ২২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- ঢাকার বাইরে ১২টি ভেন্যুতে প্রথমবারের মতো শুরু হয়েছে বসুন্ধরা চ্যাম্পিয়নস ক্লাব কাপ ফুটবল। উদ্বোধনী দিনে স্বাগতিকরাই আধিপত্য করেছে। শুক্রবার জিতেছে ইয়াং টাইগার নুরপুর, চট্টগ্রাম মোহামেডান ব্লুজ, ঘাগড়া স্পোর্টিং ক্লাব, পাবনা ব্রাদার্স ইউনিয়ন, নিজড়া একাদশ, ফেনী সকার ক্লাব, দিনাজপুর ফুটবল একাডেমি ও রাইপুর জাগরণী ক্লাব। ড্র হয়েছে বাকি চারটি ম্যাচ। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে জিতেছে ৮টি দল, তার মধ্যে স্বাগতিক ৬টি। হবিগঞ্জ স্টেডিয়ামে স্বাগতিক ইয়াং টাইগার নুরপুর ২-০ গোলে হারিয়েছে ব্রাহ্মণবাড়ীয়ার তেলিনগর নিউ স্পোর্টিং ক্লাবকে, গোল করেছেন বাবলু ও বাবু। শেরপুর স্টেডিয়ামে সোহেল রানার হ্যাট্রিকে স্বাগতিক ঘাগড়া স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে ময়মনসিংহ আবাহনী ক্রীড়াচক্রকে হারিয়েছে। ২৯, ৭২ ও ৭৭ মিনিটে গোল তিনটি করেছেন সোহেল রানা। গোপালগঞ্জ স্টেডিয়ামে স্বাগতিক নিজড়া একাদশ ১-০ গোলে হারিয়েছে রাজবাড়ীর ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতিকে। একমাত্র গোলটি করেছেন বিজয়ী দলের হাসিব। ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে ফেনী সকার ক্লাব ২-০ গোলে চাঁদপুরের ভাই ভাই স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে, গোল করেছেন সবুজ ও রানা। দিনাজপুর স্টেডিয়ামে স্থানীয় দল ফুটবল একাডেমি ৪-১ গোলে হারিয়েছে নীলফামারীর মরাল সংঘকে। বিজয়ী দলের শফিকুল দুটি, কালু ও বেনজির একটি করে গোল করেছেন। মেহেরপুর স্টেডিয়ামে স্থানীয় রাইপুর জাগরণী ক্লাব ২-১ গোলে হারিয়েছে জননী সেবা সংঘকে। বিজয়ী দলের মাহমুদ হাসান ও মোহাম্মদ আলী গোল দুটি করেছেন। স্বাগতিক হয়েও হেরেছে দুটি দল। বান্দরবান স্টেডিয়ামে স্থানীয় বান্দরবান খেলোয়াড় সমিতিকে ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম মোহামেডান ব্লুজ। বিজয়ী দলের ইন্দ্রজিৎ ও দিদার করেছেন গোল দুটি। ওদিকে রাজশাহী স্টেডিয়ামে স্বাগতিক দিগন্ত প্রসারী ৪-২ গোলে হেরেছে পাবনার ব্রাদার্স ইউনিয়নের কাছে। বিজয়ী দলের পক্ষে গোল করেছেন শ্যামল, সৈকত, সাগর ও রিয়াদ। এছাড়া গোলশূন্য ড্র হয়েছে তিনটি ম্যাচ---- রংপুর স্টেডিয়ামে ফ্যান্টোস স্পোর্টস অ্যাসোসিয়েশন ও নওগাঁর প্রবাহ সংসদ, বরগুনা স্টেডিয়ামে বরিশালের কীর্তনখোলা একাদশ ও বরগুনার আবাহনী ক্রীড়াচক্র এবং টাঙ্গাইল স্টেডিয়ামে স্থানীয় উদয়ন ক্রীড়াচক্র ও বিপ্লব সংঘের ম্যাচ। নড়াইল স্টেডিয়ামে অনুষ্ঠিত স্থানীয় বি.বি.এস খেলোয়াড় কল্যাণ সমিতি ও যশোরের শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতি সংসদের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২০৫৫ঘ.