বার্সেলোনা, ২২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্প্যানিশ প্রিমেরা লিগা ও স্প্যানিশ কিংস কাপের শিরোপা জয়ের সুবাদে এখন তাদের সামনে ইতিহাস গড়ার হাতছানি! সেজন্য চাই আর একটি মাত্র জয়। আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাতে পারলে প্রথম স্প্যানিশ ক্লাব হিসাবে লিগ, ঘরোয়া কাপ আর ইউরোপীয় শিরোপার 'ট্রেবল' জয়ের কীর্তি গড়তে পারবে বার্সেলোনা। ইতিহাসের এমন সন্ধিক্ষণে দাঁড়িয়ে দারুণ রোমাঞ্চিত লিওনেল মেসি। এ মৌসুমে 'বার্সা'র সাফল্যের অন্যতম রূপকারের বিশ্বাস, এবারের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা তাদেরই প্রাপ্য।
"আমি জানি বার্সার সমর্থক নয় এমন অনেক মানুষও এই ক্লাবের ফুটবল-শৈলীর প্রশংসা করবেই। সারা বছর ধরে আমরা যে ফুটবল খেলেছি তার জন্যই শিরোপাটা আমাদের প্রাপ্য। এই পুরস্কার আমাদেরই প্রাপ্য"--- রোমের ফাইনালকে সামনে রেখে বার্সেলোনার 'হোমগ্রাউন্ড' ন্যু ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেসির দৃঢ়তাভরা উচ্চারণ।
২১ বছর বয়সী আর্জেন্টাইন তারকার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদগ্র বাসনার পেছনে অন্য একটা কারণও আছে। তিন বছর আগে প্যারিসে অনুষ্ঠিত ফাইনালে আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাজয়ী বার্সেলোনা দলে তিনি ছিলেন না ইনজুরির কারণে। এবারের ফাইনালকে তাই জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ বলে মনে করছেন মেসি। 'ট্রেবল' জয়ের সম্ভাবনাতেও তিনি দারুণ উজ্জীবিত, "জানি ইতিহাস গড়ার কাছাকাছি দাঁড়িয়ে আছি আমরা।"
তবে তাই বলে ফাইনালে কাউকেই ফেভারিট বলে মনে করছেন না এবারের চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত সবচেয়ে বেশি (৮টি) গোল করা মেসি, "এটা ফাইনাল। তাই আপনি বলতে পারেন না কে আসল ফেভারিট। আমরা বেশ কয়েক জন গ্রেট খেলোয়াড় সমৃদ্ধ দুটো গ্রেট দলকে নিয়ে কথা বলছি। ওরা (ম্যানচেস্টার ইউনাইটেড) শিরোপা অক্ষুন্ন রাখার লড়াইয়ে নামছে। তাই একটি দলকে পছন্দ করতে হলে আমি ওদেরকেই করবো।"
সেই সঙ্গে ম্যানইউ'র কাছ থেকে উপভোগ্য ফুটবলও আশা করছেন তিনি। বার্সেলোনা-চেলসির দুই লেগের সেমিফাইনালে প্রতিপক্ষের নেতিবাচক ফুটবলে বিরক্ত মেসির আশাবাদ, "আশা করি ওরা (ম্যানচেস্টার ইউনাইটেড) ফুটবলই খেলতে যাচ্ছে। আর এটা হতে যাচ্ছে অনেকখানি ওপেন ফাইনাল। ফুটবল আর সমর্থকদের জন্যই তা দরকার।"
রোমের ফাইনালের আগে একটা সুখবরও অনুপ্রাণিত করতে পারে 'লা লিগা'র নতুন চ্যাম্পিয়নদের। একটা নয়, আসলে দুটো। হাঁটু আর উরুর ইনজুরির কারণে ফাইনালে দুই তারকা থিয়েরি অঁরি আর আন্দ্রেস ইনিয়েস্তাকে পাওয়ার ব্যাপারে অনিশ্চয়তার মধ্যে আছে বার্সেলোনা। তবে বৃহস্পতিবার দুজনই বল নিয়ে হালকা প্রশিক্ষণ করেছেন। ইনিয়েস্তা তো ব্যক্তিগত ওয়েবসাইটে লিখেই দিয়েছেন, "আমি নিশ্চিত নিজের সেরা অবস্থা নিয়েই রোমে গিয়ে দলকে সাহায্য করতে পারবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০৩৩ঘ.
bdnews24