২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উয়েফা কাপে শাখতার দোনেৎস্ক চ্যাম্পিয়ন

চ্যাম্পিয়ন্স লিগে পাত্তা না পেলেও ইদানিং উয়েফা কাপে সাবেক সোভিয়েত ক্লাবগুলোর জয়জয়কার। ২০০৫ সালে শিরোপা জিতেছিল রাশিয়ার সিএসকেএ মস্কো। গতবার তাদেরই স্বদেশী ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গ। আর এবার ইউক্রেনের শাখতার দোনেৎস্ক। বুধবার ফাইনালে জার্মানির ওয়ার্ডার ব্রেমেনকে অতিরিক্ত সময়ে ২-১ গোলে হারানোয় ইউক্রেনের প্রথম ক্লাব হিসাবে ইউরোপীয় ট্রফিজয়ী দল এখন তারাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2009, 07:42 AM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ইস্তাম্বুল, ২১ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চ্যাম্পিয়ন্স লিগে পাত্তা না পেলেও ইদানিং উয়েফা কাপে সাবেক সোভিয়েত ক্লাবগুলোর জয়জয়কার। ২০০৫ সালে শিরোপা জিতেছিল রাশিয়ার সিএসকেএ মস্কো। গতবার তাদেরই স্বদেশী ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গ। আর এবার ইউক্রেনের শাখতার দোনেৎস্ক। বুধবার ফাইনালে জার্মানির ওয়ার্ডার ব্রেমেনকে অতিরিক্ত সময়ে ২-১ গোলে হারানোয় ইউক্রেনের প্রথম ক্লাব হিসাবে ইউরোপীয় ট্রফিজয়ী দল এখন তারাই। শুধু প্রথম শিরোপাই নয়, ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতায় এটা ছিল শাখতারের প্রথম ফাইনাল। আর সেই ম্যাচেই বাজিমাত! ২৫ মিনিটে ব্রাজিলিয়ান লুইজ আদ্রিয়ানোর গোলে এগিয়ে যায় শাখতার। তবে বিরতির ঠিক আগে শাখতার গোলকিপারের ভুলে সমতায় ফেরে ব্রেমেন। বক্সের ঠিক বাইরে থেকে আদ্রিয়ানোরই স্বদেশী নালদোর ফ্রিকিক আন্দ্রেই পায়াতোভের হাত ফস্কে ঢুকে যায় জালে। শেষ গোলটিও এক জন ব্রাজিলিয়ানের। অতিরিক্ত সময়ের সপ্তম মিনিটে দারিও সর্নার ক্রস থেকে জ্যাডসনের শট শাখতারকে এনে দিয়েছে উয়েফা কাপের শেষ প্রতিযোগিতার শিরোপা। আগামী মৌসুম থেকে ইউরোপা লিগ নামে আয়োজিত হবে ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব টুর্নামেন্টটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৩৪৫ঘ.