ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- এসএ গেমসের প্রস্তুতির জন্য একজন কোরিয়ান কোচ আনছে সাঁতার ফেডারেশন। নতুন কোচ পার্ক টিগান এ মাসের ২৫ তারিখ ঢাকায় আসতে পারেন।
বুধবার বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন কোচ পাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, "বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা একজন কোচ পেতে যাচ্ছি। আগামী এক বছর তিনি এখানে কাজ করবেন।"
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্ণেল (অব.) ওয়ালী উল্লাহ জানিয়েছেন, "আমরা একজন সাঁতার কোচ পাচ্ছি দক্ষিণ কোরিয়ায় ২০১৪ এশিয়ান গেমস উপলক্ষে ভিশন ২০১৪ প্রজেক্টের আওতায়। দক্ষিণ কোরিয়া অলিম্পিক অ্যাসোসিয়েশন এই প্রজেক্টে আমাদের এক লাখ ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে। তাদের বলেছি, ওই টাকার মধ্যে একজন ভাল সাঁতার কোচ পাঠানোর জন্য।"
তারাই ঠিক করে দিয়েছে পার্ককে। কোরিয়ান ন্যাশনাল স্পোর্টস একাডেমির এই এখন কোচ কোরিয়ার শীর্ষ সাঁতার ক্লাব পিওয়াইডি'র প্রধান কোচ হিসেবে কাজ করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২১৫৮ ঘ
bdnews24