মাদ্রিদ, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০০০ সালে তিনি যখন দায়িত্ব নেন, তখনো একটা দুঃসময় চলছিল রিয়াল মাদ্রিদের। ফুটবল-ব্যর্থতার সঙ্গে তহবিল সংকট মিলিয়ে ডুবতে বসা স্প্যানিশ ফুটবলের ঐতিহ্যবাহী এই ক্লাবটিকে একেবারে বদলে দিয়েছিল ফ্লোরেন্তিনো পেরেজের 'গ্যালাকটিকো' নীতি। তারপর এক সময় মুখ ফিরিয়ে নিলেও সংকটের মুখে আবার রিয়ালের দায়িত্বে ফেরার ইচ্ছের কথা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার মাদ্রিদের রিজ হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন, আগামী ১৪ জুন রিয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচনে প্রার্থী হবেন। ইউরোপের সবচেয়ে বড় কনস্ট্রাকশন কোম্পানিগুলোর একটি, এসিএস-এর মালিক বলেছেন, আগের চেয়েও বেশি উৎসাহ আর উদ্যম নিয়ে ফিরছেন তিনি এবং রিয়াল মাদ্রিদের জন্য 'দুর্দান্ত একটা পরিকল্পনা' আছে তার। কিন্তু সেই পরিকল্পনার কথা বিস্তারিত কিছু জানাননি।
এর আগেরবার নির্বাচনের আগেই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে লুই ফিগোকে কেনার ঘোষণা দিয়ে আলোড়ন তুলেছিলেন পেরেজ, কিন্তু এবার এমনকি সাংবাদিকদের চাপাচাপিতেও বলেননি সে রকম কোনো নাম। কেবল বলেছেন, বিশ্বের সেরা খেলোয়াড়দেরই রিয়ালে দেখতে চান তিনি।
তার পরিকল্পনায় রিয়ালের সাবেক দুই তারকা জর্জ ভালদানো আর জিনেদিন জিদানের ভূমিকা থাকবে বলে আভাস দিয়েছেন পেরেজ। সভাপতি থাকার সময়ে ভালদানোকে দলের স্পোর্টিং ডিরেক্টরের পদে বসিয়েছিলেন তিনি, আর জুভেন্টাস থেকে জিদানকে কিনে এনেছিলেন বিশ্ব রেকর্ড গড়া দামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১০২৭ ঘ.
bdnews24