মাদ্রিদ, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এ মৌসুমে যেমন খেলছে বার্সেলোনা, তাতে তাদের বিশ্বজয়ের অপেক্ষাতেই ছিলেন সমর্থকরা। বিশ্ব না হোক, অন্তত ইউরোপ জয়ের সম্ভাবনা এখনো আছে, তবে তার আগে বুধবার কোপা দেল রেই জিতে শিরোপা উৎসব শুরু করে দিয়েছে পেপ গার্ডিওলার দল। ভ্যালেন্সিয়ায় অনুষ্ঠিত ফাইনালের দ্বিতীয়ার্ধে নয় মিনিটের মধ্যে তিন গোল করে অ্যাটলেটিকো বিলবাওকে ৪-১ ব্যবধানে হারিয়েছে তারা।
এ সপ্তাহেই আরো বড় একটি শিরোপা জিততে পারে তারা, যদি শনিবারের ম্যাচে ভিলারিয়ালকে হারাতে না পারে রিয়াল মাদ্রিদ, তাহলে মাঠে না নেমেই স্প্যানিশ লিগের চ্যাম্পিয়ন হয়ে যাবে তারা। আর ২৭ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারালে ক্যাটালানদের শো কেসে জমা হবে মৌসুমের তৃতীয় ট্রফিটা।
তার আগে বুধবার স্প্যানিশ কাপের ফাইনালে অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে নেমে নবম মিনিটেই পিছিয়ে পড়েছিল বার্সা। গাইজকা টোকেরোর সেই গোলে খানিকটা দায় ছিল এদিন সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলতে নামা ইয়াইয়া টোরের। প্রথমার্ধেই প্রায় একক প্রচেষ্টায় দারুণ এক গোল করে সেই দায় শোধ করে দিয়েছেন তিনি। আর তারপর দ্বিতীয়ার্ধে নয় মিনিটের ঝড়ে বার্সেলোনার হয়ে আরো তিন গোল করেছেন লিওনেল মেসি, বোইয়ান ক্রকিচ ও জাভি হার্নান্দেজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৪০৭ ঘ.
bdnews24