বুখারেস্ট, ১২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলা একটা স্বপ্নপুরণের মতো ব্যাপার। কিন্তু দল ফাইনালে ওঠার পরও সেই স্বপ্ন এবার পুরণ হচ্ছে না বার্সেলোনার এরিক আবিদাল ও ড্যানিয়েল অ্যালভেস আর ম্যানচেস্টার ইউনাইটেডের ড্যারেন ফ্লেচারের।
কার্ডের খাঁড়ায় পড়ে নিষিদ্ধ হওয়া এই তিন ফুটবলারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করেছিল দুই ক্লাবই। কিন্তু ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা জানিয়েছে, সেই আবেদন সময়মতো না পৌঁছানোয় তা বিবেচনা করা হচ্ছে না। উয়েফার ডিসিপ্লিনারি কমিটির বিজ্ঞপ্তিতে সে সঙ্গে জানানো হয়েছে, সময়মতো আবেদন করলেও সেটা বিবেচিত হওয়ার সম্ভাবনা ছিল কমই। কারণ, রেফারির সিদ্ধান্ত বদল করার কোনো কারণ তারা দেখছেন না।
চেলসির বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগে লালকার্ড পেয়েছিলেন আবিদাল, আর অ্যালভেসকে দেখতে হয়েছিল টুর্নামেন্টে দ্বিতীয় হলুদ কার্ড।
আর্সেনালের বিপক্ষে অন্য সেমিফাইনালে ম্যান ইউ যখন ৩-০ গোলে এগিয়ে, সে রকম অবস্থায় তুচ্ছ কারণে একটি ফাউল করে লালকার্ড দেখেছিলেন ফ্লেচার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৭০৩ ঘ.
bdnews24