২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলিগেশন এড়ানোর পথে শিয়ারারের দল

অ্যালান শিয়ারার নিউক্যাসল ইউনাইটেডের সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন। কিন্তু কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর মোটেই তেমন পারফরম্যান্স দেখাতে পারছিলেন না এই সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার। তাই 'ম্যাগপাই'দের তাড়া করে ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে নেমে যাওয়ার দুঃস্বপ্ন। সোমবার সেই দুঃস্বপ্ন এড়ানোর একটা সম্ভাবনা জাগিয়েছে তারা, নিজেদের মাঠে পেয়ে মিডলসবরোকে ৩-১ গোলে হারিয়ে 'রেলিগেশন জোন' থেকে আপাতত বেরিয়ে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2009, 10:30 AM

Updated : 26 Aug 2022, 11:27 AM

নিউক্যাসল, ইংল্যান্ড, ১২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যালান শিয়ারার নিউক্যাসল ইউনাইটেডের সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন। কিন্তু কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর মোটেই তেমন পারফরম্যান্স দেখাতে পারছিলেন না এই সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার। তাই 'ম্যাগপাই'দের তাড়া করে ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে নেমে যাওয়ার দুঃস্বপ্ন। সোমবার সেই দুঃস্বপ্ন এড়ানোর একটা সম্ভাবনা জাগিয়েছে তারা, নিজেদের মাঠে পেয়ে মিডলসবরোকে ৩-১ গোলে হারিয়ে 'রেলিগেশন জোন' থেকে আপাতত বেরিয়ে এসেছে। শিয়ারার দায়িত্ব নেওয়ার পর নিজেদের মাঠে খেলা আটটি ম্যাচে এটাই প্রথম জয় তাদের। সেই জয়টাও এসেছে ম্যাচের শেষ দিকে ওবাফেমি মার্টিনস আর পিটার লোভেনক্র্যান্ডসের গোলে। হাবিব বেইয়ের হাস্যকর এক আত্মঘাতী গোলে মিডলসবরোই এগিয়ে গিয়েছিল এই ম্যাচেও। তবে ম্যাচের তৃতীয় মিনিটের ওই গোল নবম মিনিটে শোধ করে দিয়েছেন স্টিভ টেলর। এই জয়ের ফলে ৩৪ পয়েন্ট নিয়ে নিচের দিক থেকে চার নম্বরে উঠেছে নিউক্যাসল। সমান পয়েন্ট নিয়ে তাদের ঠিক পেছনে আছে হাল সিটি। আর ৩১ পয়েন্ট নিয়ে শেষের দুটি স্থানে মিডলসবরো ও ওয়েস্টব্রমউইচ অ্যালবিয়ন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৬৩২ ঘ.