বার্সেলোনা, ১১ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের রাতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের হার তৈরি করে দিয়েছিল উৎসবের মঞ্চ। রোববার রাতে তাই ন্যু কাম্প স্টেডিয়াম যেন সেজেগুজে প্রস্তুত হয়েই ছিল বার্সেলোনার শিরোপা উৎসবের অপেক্ষায়। কিন্তু উৎসবটা শেষ পর্যন্ত করা হয়নি, ভিলা রিয়ালের বিপক্ষে জিততে পারেনি পেপ গার্ডিওলার দল। ম্যাচটা ৩-৩ গোলে ড্র হওয়ায় স্প্যানিশ প্রিমেরা লিগার শিরোপা জিততে অন্তত আরো একটা ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে তাদের।
বার্সেলোনার অপেক্ষার প্রহরটা দীর্ঘায়িত করেছে আসলে ইনজুরি সময়ে হোসেবা লরেন্তের গোল। নইলে সেইডু কেইটা, স্যামুয়েল এতো আর ড্যানিয়েল অ্যালভেসের গোলে প্রথমার্ধেই ৩-১ ব্যবধানে এগিয়ে যাওয়া ক্যাটালানদের জয় নিশ্চিত বলেই মনে হচ্ছিল। কিন্তু সবকিছু গোলমাল হতে শুরু করেছে ম্যাচ শেষের ১২ মিনিট বাকি থাকতে ডিফেন্ডার এরিক আবিদালের লালকার্ড দেখা। সুবাদে পাওয়া পেনাল্টি থেকে মাতিয়াস ফার্নান্দেজ ব্যবধান কমানোর পর ইনজুরি সময়ে লরেন্তের ওই গোল। এর আগে প্রথমার্ধে ভিলারিয়ালের পক্ষে প্রথম গোলটাও করেছেন এই স্ট্রাইকারই।
এই ড্রয়ের ফলে তিন ম্যাচ বাকি থাকতে বার্সেলোনার পয়েন্ট দাঁড়ালো ৮৬। নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে রয়েছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৯৪৫ ঘ.
bdnews24