২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসিডেন্টস কাপে 'আয়োজক' আবাহনীর টার্গেট সেমিফাইনাল

আবাহনী ক্রীড়াচক্রের জন্মের মধ্য দিয়ে এ দেশে আধুনিক ক্লাবের উত্তরণ শুরু। কয়েকবছর হলো তারা পা রেখেছে পেশাদারিত্বের জগতে। এবার সেই পেশাদারিত্বের বড় পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়ে তারা। ঢাকায় এএফসি প্রেসিডেন্ট কাপের 'বি' গ্র"পের খেলার সফল আয়োজন করতে হবে। পাশাপাশি মাঠে হবে নিজেদের ফুটবল দলের পরীক্ষা। পরীক্ষক হয়ে আসছেন এএফসি কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2009, 11:20 AM

Updated : 26 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- আবাহনী ক্রীড়াচক্রের জন্মের মধ্য দিয়ে এ দেশে আধুনিক ক্লাবের উত্তরণ শুরু। কয়েকবছর হলো তারা পা রেখেছে পেশাদারিত্বের জগতে। এবার সেই পেশাদারিত্বের বড় পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়ে তারা। ঢাকায় এএফসি প্রেসিডেন্ট কাপের 'বি' গ্র"পের খেলার সফল আয়োজন করতে হবে। পাশাপাশি মাঠে হবে নিজেদের ফুটবল দলের পরীক্ষা। পরীক্ষক হয়ে আসছেন এএফসি কর্মকর্তারা। মানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ১২ থেকে ১৬ মে এএফসি প্রেসিডেন্ট কাপের পরীক্ষা আবাহনী লিমিটেডের। তার প্রস্তুতির খবর জানাতে শনিবার তারা ক্লাব ভবনে আয়োজন করেছিল সংবাদ সম্মেলন। সেখানে আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমান বলেছেন, "আমরা এই চ্যালেঞ্জে সফল হতে চাই। এজন্য সবার সহযোগিতা দরকার। বাফুফে স্বাগতিক হিসেবে আমাদের নাম প্রস্তাব করায় এবং এএফসি তা অনুমোদন করেছে বলে তাদের ধন্যবাদ।" এখন পেশাদারিত্বের কায়দায় তিন দলের ম্যাচ আয়োজন করে নিজেদের প্রমাণ করার পালা। বি. লিগ চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ছাড়া গ্র"পের বাকি দুটি দল হচ্ছে শ্রীলঙ্কার লিগ চ্যাম্পিয়ন আর্মি দল এবং তুর্কমেনিস্তানের চ্যাম্পিয়ন আশগাবাদ। এই আয়োজনে অবশ্য আবাহনীর খুব বেশি খরচ হবে না। এএফসি'র টুর্নামেন্ট বলে তারাই দিচ্ছে প্রায় ৩১ লাখ টাকা। দলগুলোকে সোনারগাঁ হোটেলে এবং এএফসি কর্মকর্তাদের শেরাটনে রাখতে হয়তো এর চেয়ে বেশি খরচ হবে। তা পুষিয়ে নিতে আয়োজকরা বিভিন্ন স্পন্সরের সঙ্গে কথাবার্তা বলছেন। আবাহনী চেয়ারম্যানের আশা, "আমরা ভাল কিছু স্পন্সর পাবো আশা করছি। আমি দেখেছি, কর্পোরেট সংস্থাগুলো সবসময় খেলাধুলার পাশে থাকে।" এছাড়াও আছে 'গেটসেল' মানে টিকিট বিক্রি থেকে আয়। এই গরম আবহাওয়ায় দর্শকরা কীরকম সাড়া দেবে সেটাও একটা বড় প্রশ্ন। যদিও মাঠে দর্শক আনতে আবাহনীর বিভিন্ন উদ্যোগ আছে। দর্শকদের সামনে আছে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ক্লাবের পেশাদারী ঢঙে আন্তর্জাতিক ফুটবলের আয়োজন দেখার সুযোগ। দর্শকদের মাঠে টানার ক্ষেত্রে বড় প্রভাবক হতে পারে আবাহনীর মাঠের পারফরম্যান্স। এখানেও দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রূপু আশাবাদী, "আমরা ভাল খেলে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠতে চাই। সবাই খেলার মধ্যে ছিল, এটাই হচ্ছে আমাদের ইতিবাচক দিক। তাছাড়া দুই প্রতিদ্বন্দ্বী দলের ভিডিও ফুটেজ যোগাড় করেছি আমরা। এসব বিশ্লেষণ করেই আমরা লড়াইয়ে নামবো।" কোচ অমলেশ সেন জন্ডিসে আক্রান্ত হওয়ায় এখন কোচিংয়ের দায়িত্ব পালন করছেন সদ্য এএফসির কোচিং লাইসেন্স কোর্স করা ম্যানেজার নিজেই। যে দল নিয়ে বি. লিগ চ্যাম্পিয়ন হয়েছে সেটিই আছে। তবে বিদেশীর সংখ্যা দুইয়ের বেশি হতে পারবে না, সেক্ষেত্রে ডিফেন্ডার সামাদ ইউসিফ ও স্ট্রাইকার আওদু ইব্রাহিমকে পছন্দ আকাশী-হলুদের। বাদ দিতে হয়েছে লিগে দলের সর্বোচ্চ গোলদাতা এমেকাকে। এই দল নিয়ে আগামী ১২ মে গ্র"পের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা আর্মির মুখোমুখি হবে বি. লিগ চ্যাম্পিয়নরা। ১৬ তারিখ দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে আশগাবাদের সঙ্গে। শক্তির তুলনামূলক বিশ্লেষণে তুর্কমেনিস্তানের দলটিই এগিয়ে। তারা গতবারের সেমিফাইনালিস্ট, অথচ আবাহনী সেবার নেপাল পুলিশের কাছে ৪-০ গোলে এবং রেগার তেদাজের কাছে ২-১ গোলে হেরে গ্র"প পর্ব থেকেই বিদায় নিয়েছিল। এবার সম্ভাবনা ধরে রাখতে শ্রীলঙ্কান আর্মির বিপক্ষে আবাহনীর উদ্বোধনী ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। তা জিতলে পরের ম্যাচে আশগাবাদের সঙ্গে ড্র করলেও আবাহনী উঠে যেতে পারে এএফসি প্রেসিডেন্ট কাপের সেমিতে। কারণ তিন গ্র"পের চ্যাম্পিয়ন বাদে সেরা রানার্স-আপ দলও সেমিফাইনাল খেলার সুযোগ পাবে। এই সুযোগটা নিতে পারলেও ঢাকায় আবাহনী লিমিটেডের এই আয়োজন সার্থক হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/১৭২৫ ঘ.