লন্ডন, ৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ১-০ গোলে এগিয়ে থাকা চেলসি তখন শেষ বাঁশির অপেক্ষায়। আর মাত্র মিনিট দেড়েক কাটিয়ে দিতে পারলেই বার্সেলোনাকে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো তারা পৌঁছে যাবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। ঠিক তখনই নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির জন্য একেবারে 'বিনা মেঘে বজ্রপাত'! আন্দ্রেস ইনিয়েস্তার এক দুর্দান্ত শট স্বাগতিকদের স্তব্ধ করে আছড়ে পড়লো জালে। এবং এই গোলই খাদের কিনারে চলে যাওয়া বার্সেলোনাকে এনে দিল ফাইনালে ওঠার অসাধারণ আনন্দ। বুধবার রাতে ফিরতি সেমিফাইনালের ফল ১-১, কিন্তু প্রতিপক্ষের মাঠে গোল করার সুবাদে 'বার্সা'ই ফাইনালে। বার্সেলোনার মাঠে অনুষ্ঠিত প্রথম লেগে কোনো দলই গোল করতে পারেনি।
মাত্র চার দিন আগে রিয়াল মাদ্রিদকে তাদেরই মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে ৬-২ গোলে উড়িয়ে দেয়া পেপ গার্দিওলার দল কিন্তু বুধবার সেই আক্রমণের ঝড় তুলতে পারেনি। ম্যাচ শুরুর আগেই অবশ্য একটা দুঃসংবাদ পেয়েছে 'বার্সা'। রিয়ালের বিপক্ষে দুই গোল করা থিয়েরি অঁরি হাঁটুর ইনজুরির কারণে মাঠেই নামতে পারেননি। অধিনায়ক কার্লোস পুয়োলের সাসপেনশন এবং রাফায়েল মার্কেজের ইনজুরিজনিত অনুপস্থিতির কথা তো আগেই জানা ছিল তাদের। এসব কারণেই হয়তো এ মৌসুমের সেই দুর্ধর্ষ, আক্রমণাত্মক দলটিকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না।
শুরু থেকে কিছুটা দিশেহারা বার্সেলোনা পিছিয়ে পড়ে নবম মিনিটের সময়। ফ্র্যাংক ল্যাম্পার্ডের শট 'বার্সা'র এক ডিফেন্ডারের গায়ে লেগে এসে পড়েছিল মাইকেল এসিয়েনের কাছে। বক্সের ঠিক ওপর থেকে তার নেয়া বাঁ পায়ের শট ঠেকানো সম্ভব হয়নি বার্সেলোনা গোলরক্ষক ভিক্টর ভালদেসের পক্ষে (১-০)।
রিয়ালের সঙ্গেও পিছিয়ে পড়ে একের পর এক আক্রমণ করে প্রথমার্ধেই তিন গোল করে ফেলেছিল বার্সেলোনা। তবে বুধবার আর তা করতে পারেনি তারা। কারণ চেলসির দুর্ভেদ্য ডিফেন্স। কখনো ম্যান-টু-ম্যান, কখনো বা জোনাল মার্কিং করে 'বার্সা'র ফরোয়ার্ডদের বলতে গেলে আক্রমণই গড়তে দেয়নি স্বাগতিকরা। মেসি-এ'তো-জাভি-ইনিয়েস্তারা অনেক চেষ্টা করেও চেলসির ডিফেন্সে ফাটল ধরাতে পারেননি একটুও।
বরং পাল্টা আক্রমণ থেকে চেলসিই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছে। কিন্তু দুর্বল রেফারিংয়ের কারণে আর গোল পায়নি তারা। একবার দ্রগবাকে আটকাতে বক্সের মধ্যে আবিদাল জার্সি ধরে টেনে ফেলে দিলেও রেফারি পেনাল্টির বাঁশি বাজাননি। আরেকবার মালুদাকে আলভেস বক্সের মধ্যেই ফাউল করলেও রেফারি বক্সের ঠিক বাইরে থেকে ফ্রিকিকের নির্দেশ দিয়েছেন। ভালদেসও অবশ্য বাঁচিয়েছেন বার্সেলোনাকে। পোস্ট ছেড়ে বেরিয়ে এসে দ্রগবাকে গোলবঞ্চিত করার কৃতিত্ব তারই।
দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে আবারো দলকে হতাশ করেছেন দ্রগবা। সে সময় আনেলকার পাস পেয়ে একজন ডিফেন্ডারকে কাটিয়ে শট নিয়েছিলেন আইভরি কোস্টের তারকা স্ট্রাইকার। কিন্তু তার নেয়া দুর্বল শট পা দিয়ে ঠেকিয়ে দিয়েছেন ভালদেস। ম্যাচের শুরু থেকে বল দখলের লড়াইয়ে অনেক এগিয়ে থাকা বার্সেলোনা বিরতির পরও গোল করার ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি। বরং ৬৬ মিনিটে লালকার্ড দেখে দলের দুর্ভোগ আরো বাড়িয়েছেন আবিদাল।
দ্বিতীয়ার্ধেও দুবার পেনাল্টির দাবী করেছিল চেলসি। প্রথমবার এ'তোর বিরুদ্ধে হ্যান্ডবলের অভিযোগে। পরের বার গোল শোধ হওয়ার ঠিক পরমুহূর্তে পিকের বিরুদ্ধে ঐ একই অভিযোগে। কিন্তু কোনো বারই তাদের দাবীতে সাড়া দেননি নরওয়েজিয়ান রেফারি টম হেনিং ওভ্রেবো। বরং স্বাগতিকদের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙ্গে গেছে ইনিয়েস্তার এক দুর্দান্ত শটে। যে গোলের পেছনে তাদের গোলদাতা এসিয়েনের দায়ই সবচেয়ে বেশি। বার্সেলোনার একটি আক্রমণ বিপদমুক্ত করতে গিয়ে উল্টো মেসির পায়ে বল ফেলেছেন এসিয়েন। মেসির কাছ থেকে বল পেয়েছেন ইনিয়েস্তা। আর থেকেই জোরালো শটে গোল (১-১)।
যে গোল চেলসিকে ছিটকে দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। আর বার্সেলোনাকে এনে দিয়েছে ফাইনালের টিকেট। আগামী ২৭ মে রোমে অনুষ্ঠেয় ফাইনালে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। গতবার এই ম্যানইউ'র কাছে সেমিফাইনালে হেরেই ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল 'বার্সা'। এবারের ফাইনাল তাই স্প্যানিশ লিগ শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া দলটির জন্য প্রতিশোধের উপলক্ষও বটে!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১২৫৭ঘ.
bdnews24