২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালকে লজ্জায় ডোবালো বার্সেলোনা

নিজের মাঠে খেলা, তাতে জিততে পারলে স্প্যানিশ প্রিমেরা লিগা জয়ের লড়াইয়ে দারুণভাবে ফিরে আসার সুযোগ। এমন একটা ম্যাচে রিয়াল মাদ্রিদকে লড়াকু চেহারায় দেখতে চাওয়াটাই তো স্বাভাবিক। কিন্তু শনিবার সান্টিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে উপস্থিত রিয়াল সমর্থকরা দেখলেন ঠিক তার উল্টো রূপ- গতবারের চ্যাম্পিয়নদের ৬-২ গোলের লজ্জায় ডুবিয়ে শিরোপা জেতা প্রায় নিশ্চিত করে ফেলেছে ক্যাটালানরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2009, 08:05 AM

Updated : 26 Aug 2022, 11:24 AM

মাদ্রিদ, ৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের মাঠে খেলা, তাতে জিততে পারলে স্প্যানিশ প্রিমেরা লিগা জয়ের লড়াইয়ে দারুণভাবে ফিরে আসার সুযোগ। এমন একটা ম্যাচে রিয়াল মাদ্রিদকে লড়াকু চেহারায় দেখতে চাওয়াটাই তো স্বাভাবিক। কিন্তু শনিবার সান্টিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে উপস্থিত রিয়াল সমর্থকরা দেখলেন ঠিক তার উল্টো রূপ- গতবারের চ্যাম্পিয়নদের ৬-২ গোলের লজ্জায় ডুবিয়ে শিরোপা জেতা প্রায় নিশ্চিত করে ফেলেছে ক্যাটালানরা। 'এল ক্লাসিকো' নামে পরিচিত স্প্যানিশ লিগের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে রিয়ালের শুরুটা কিন্তু ভালোই হয়েছিল বলতে হবে। ১৪ মিনিটে গনজালো হিগুয়াইনের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল তারাই। কিন্তু সেই গোল অচিরেই যেন গলার কাঁটা হয়ে উঠেছে তাদের। ১৭ মিনিটে ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরি সমতা আনার পর ২০ মিনিটে অধিনায়ক কার্লোস পুয়োল আর ৩৫ মিনিটে লিওনেল মেসির গোলে বার্সেলোনা এগিয়ে গেছে ৩-১-এ। দ্বিতীয়ার্ধের শুরুতে ৫৫ মিনিটে সার্জিও র‌্যামোসের গোল আবার খানিকটা আশা জাগিয়েছিল রিয়াল সমর্থকদের মনে। কিন্তু মেসি-অঁরিরা সেটা মুছে দিতে বেশি সময় নেননি। ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেছেন অঁরি, আর ৭৪ মিনিটে মেসিও যোগ দিয়েছেন তার পাশে। আর খেলা শেষের আট মিনিট বাকি থাকতে জেরার্ড পিকে রিয়ালের কফিনে ঠুকেছেন শেষ পেরেকটা। ডিসেম্বরে এই বার্সেলোনারই কাছে ন্যু ক্যাম্পের ম্যাচে ০-২ গোলে হারার পর টানা ১৮ ম্যাচ অপরাজিত ছিল রিয়াল। এর মধ্যে মাত্র একটি ম্যাচে ড্র করে লড়াইয়ে ফিরে আসার সম্ভাবনাও জাগিয়েছিল। কিন্তু এই হারে প্রায় শেষ হয়ে গেছে সব কিছু। ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা আগামী সপ্তাহেই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে যদি তারা ভিলারিয়ালকে হারায় আর রিয়াল হেরে যায় ভ্যালেন্সিয়ার কাছে। রিয়ালের সংগ্রহ আপাতত ৭৮ পয়েন্ট। শনিবারই অন্য এক ম্যাচে ভিলারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে তৃতীয় স্থানে থাকা সেভিয়া। তাদের সংগ্রহ ৬০ পয়েন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৪০৮ ঘ.